দুবাই থেকে ব্যাংককগামী একটি ফ্লাইটে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা করা হয়েছে এবং থাইল্যান্ডে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভুক্তভোগী থাই নারী বিউট অর্ননিচা গত ৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির বিস্তারিত তুলে ধরেন। তিনি তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে ওই ফ্লাইটে ভ্রমণ করছিলেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, দুবাই থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর কাছাকাছি আসনে থাকা ওই যাত্রীর আচরণ তার কাছে অস্বাভাবিক মনে হয়। পরে মেয়ের পাশে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙার পর তিনি অনুভব করেন, ওই ব্যক্তি তার শরীরের সংবেদনশীল অংশে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করছেন।
তিনি জানান, ফ্লাইটে ওঠার আগে ঘুমের ওষুধ নেওয়ায় তিনি গভীর ঘুমে ছিলেন। প্রথমে বিষয়টি ভুল অনুভূতি বা স্বপ্ন হতে পারে বলে মনে করলেও পরে ওই ব্যক্তির আচরণ দেখে তার সন্দেহ আরও বাড়ে।
বিমান অবতরণের প্রায় ৯০ মিনিট আগে তিনি একজন কেবিন ক্রুকে বিষয়টি জানান। ভুক্তভোগীর দাবি, কেবিন ক্রু অভিযুক্ত যাত্রীর সঙ্গে কথা বললে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং পরে বারবার ক্ষমা চান। তবে বিষয়টি মীমাংসা না করে ব্যাংককে বিমান অবতরণের পর পুলিশের সহায়তা নেন ওই নারী।
পরবর্তী সময়ে ৫ আগস্ট দেওয়া এক আপডেটে ভুক্তভোগী জানান, থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ তাকে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ ২০ হাজার বাত জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সাজা শেষে তার থাইল্যান্ডে পুনঃপ্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে।
মন্তব্য করুন