বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিদ্যমান বিমানফিল্ডকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। একই সঙ্গে সেখানে একটি পূর্ণাঙ্গ আধুনিক বিমানঘাঁটি এবং দক্ষ পাইলট তৈরির লক্ষ্যে একটি ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বগুড়া বিমানবন্দরের উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বাংলাদেশ বিমান বাহিনীর বিএএফ ঘাঁটি কক্সবাজারের এয়ার অফিসার কমান্ডিং (এওসি) এয়ার ভাইস মার্শাল এ.এফ.এম. শামীমুল ইসলাম, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অফিসার কমান্ডিং গ্রুপ ক্যাপ্টেন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মুহাম্মদ রায়হানসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
সভায় এয়ার ভাইস মার্শাল এ.এফ.এম. শামীমুল ইসলাম বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিমানফিল্ডকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় একটি আধুনিক বিমানঘাঁটি এবং পাইলট প্রশিক্ষণের জন্য একটি ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের বিষয়ও রয়েছে।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ১৬ জেলার সঙ্গে আকাশপথে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি কার্গো পরিবহন সুবিধা চালু হলে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আসবে এবং এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। ভবিষ্যতে বগুড়া একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে উঠতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বগুড়া বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণ উত্তরাঞ্চলের সার্বিক যোগাযোগব্যবস্থা উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ, শিল্পায়ন ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এজন্য সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় দেশের আকাশসীমার নিরাপত্তা জোরদার এবং বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি বা স্টেশন স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
মন্তব্য করুন