এভিয়েশন বার্তা ডেস্ক
যুদ্ধের কারণে সৃষ্ট ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে ফিরতে না পারা এবং এর মধ্যে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বিয়াম (BIAM) ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী উল্লেখ করেন, ফ্লাইট সংক্রান্ত জটিলতার কারণে যেসব কর্মী যথাসময়ে কর্মস্থলে ফিরতে পারেননি, পরবর্তীতে তাদের সৌদি আরবে প্রবেশের প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবেই সম্পন্ন করা হবে।
একই অনুষ্ঠানে জনশক্তি রপ্তানি খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, সরকার এবং রিক্রুটিং এজেন্সিগুলো সমন্বিতভাবে কাজ করলে জনশক্তি রপ্তানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।
পাশাপাশি বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, যেখানে তিন লাখ টাকার মধ্যে বিদেশে যাওয়া সম্ভব, সেখানে কর্মীদের কাছ থেকে সাত থেকে আট লাখ টাকা নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রিক্রুটিং এজেন্সিগুলোকে সম্পূর্ণ বৈধ উপায়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে। অভিবাসনের অতিরিক্ত খরচ পরিশোধ করতেই যেন একজন শ্রমিকের মূল্যবান কর্মজীবনের বড় অংশ নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্তব্য করুন