এভিয়েশন বার্তা ডেস্ক
পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সুরক্ষায় একগুচ্ছ শর্ত সাপেক্ষে পর্যটকদের জন্য ফের উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে এই পর্যটন মৌসুম কার্যকর থাকবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষা ও পর্যটন ব্যবস্থাপনার এই নীতিমালা চূড়ান্ত করা হয়।
নতুন নির্দেশনায় দ্বীপের ওপর চাপ কমাতে পর্যটক সংখ্যার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩,৫০০ জন পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণের সুযোগ পাবেন। একই সঙ্গে দ্বীপটির প্রতিবেশ ব্যবস্থার সুরক্ষায় প্রতিটি পর্যটকের জন্য ১০০ টাকা হারে পরিবেশ সংরক্ষণ ফি প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এই পদক্ষেপগুলোর মাধ্যমে দ্বীপের পরিবেশের ওপর অতিরিক্ত পর্যটকদের সৃষ্ট নেতিবাচক প্রভাব সীমিত রাখা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে নৌযান চলাচলের ক্ষেত্রেও কড়া নিয়ম চালু করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং পরিবেশ অধিদপ্তরের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া কোনো পর্যটকবাহী জাহাজ বা নৌযান চলাচল করতে দেওয়া হবে না। দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় 'প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা ২০১৬'-এর আওতায় কঠোর তদারকি চালাবে পরিবেশ অধিদপ্তর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজার জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব সিদ্ধান্ত মাঠপর্যায়ে কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন