লিবিয়ায় অবস্থানরত আরও তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটে দেশে ফিরিয়ে আনছে সরকার। আগামী ৬ আগস্ট ত্রিপলী থেকে ঢাকার উদ্দেশে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের স্বেচ্ছায়, নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে লিবিয়ার কর্তৃপক্ষ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
সম্প্রতি লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশি নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করেন। বৈঠকে প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার বিষয়েও আলোচনা হয়।
দূতাবাস জানিয়েছে, লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহযোগিতায় পরিচালিত এই বিশেষ ফ্লাইটে বর্তমানে যাত্রী তালিকা চূড়ান্ত ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। ফ্লাইটটির মাধ্যমে ৩০০-এর বেশি বাংলাদেশি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন কর্মহীন হয়ে পড়া, অনিয়মিত অভিবাসন পরিস্থিতিতে আটকে থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধন করা বাংলাদেশি নাগরিকরা।
দূতাবাস আরও জানায়, প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে, যাতে যাত্রীরা নিরাপদে দেশে ফিরতে পারেন এবং কোনো প্রশাসনিক জটিলতার মুখে না পড়েন।
সাম্প্রতিক বছরগুলোতে লিবিয়ার নিরাপত্তা পরিস্থিতি, অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের ঝুঁকির কারণে অনেক বাংলাদেশি দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে বিশেষ প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়ে আসছে।a
মন্তব্য করুন