দেশের আকাশপথে নিরাপদ ও সুশৃঙ্খল বিমান চলাচল নিশ্চিত করতে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমিতে শুরু হয়েছে এটিসি বেসিক কোর্স নম্বর-৩৬। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় ২৭ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূরে-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নিরাপদ বিমান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এয়ার ট্রাফিক কন্ট্রোল। প্রতিদিন দেশের আকাশসীমায় চলাচলকারী উড়োজাহাজগুলোর নিরাপদ দূরত্ব বজায় রাখা, উড্ডয়ন ও অবতরণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং সার্বিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
দেশে বিমান চলাচলের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষ ও প্রশিক্ষিত এয়ার ট্রাফিক কন্ট্রোলারের প্রয়োজনীয়তাও বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এ খাতে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, আন্তরিকতা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা এয়ার ট্রাফিক কন্ট্রোল ও ম্যানেজমেন্টের প্রয়োজনীয় পেশাগত জ্ঞান ও কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি বাস্তব পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেবিচকের পরিচালক (এটিএম) মো. সামছুল হক।
এবারের এটিসি বেসিক কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ৮ জন এবং বেবিচকের ৬ জনসহ মোট ১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। আগামী ২৭ সপ্তাহ তারা এয়ার ট্রাফিক কন্ট্রোল ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেবেন।
ক্রমবর্ধমান বিমান চলাচলের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরি এবং দেশের আকাশপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন