রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘টার্কিশ এয়ারলাইনস অ্যাক্টিভপালস ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন ২০২৬’। আগামী ১৮ সেপ্টেম্বর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির দ্বিতীয় আসর।
আয়োজকদের প্রত্যাশা, চারটি ক্যাটাগরিতে দেশি-বিদেশি প্রায় ৩ হাজার ৫০০ রানার এতে অংশ নেবেন। ইতোমধ্যে দুই হাজারের বেশি প্রতিযোগী নিবন্ধন করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার অফিসিয়াল রেস টি-শার্ট ও ফিনিশার মেডেল উন্মোচন করা হয়।
‘রান দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের প্রতিযোগিতার লক্ষ্য খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্ব আরও জোরদার করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ।
প্রতিযোগিতায় ২১.০৯৫ কিলোমিটার হাফ ম্যারাথনসহ চারটি ক্যাটাগরি থাকছে। বিজয়ীদের জন্য তিন লাখ টাকার বেশি পুরস্কার রাখা হয়েছে।
নারী ও পুরুষ বিজয়ীদের সমান পুরস্কার দেওয়ার পাশাপাশি এবার প্রথমবারের মতো ৫০ বছর বা তার বেশি বয়সী রানারদের জন্য ‘ভেটেরান ৫০+’ ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।
আয়োজকদের মতে, এ আয়োজন স্বাস্থ্যকর জীবনযাপন উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশের স্পোর্টস ট্যুরিজম ও রানিং কমিউনিটির বিকাশেও ভূমিকা রাখবে।