aviation
প্রকাশিত: 9 August 2026, 1:20:31 Pm
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-সৌদি বিমান যোগাযোগে নতুন মাইলফলক, এভিয়েশন কূটনীতিতে বড় সাফল্য

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সম্প্রতি স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বিমান চলাচল সমঝোতা স্মারক (MoU)। ফ্লাইট পরিচালনার সুযোগ বৃদ্ধি, হজযাত্রী পরিবহনে বাড়তি সক্ষমতা, চট্টগ্রাম ও সিলেটের আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ এবং প্রথমবারের মতো সৌদি আরব হয়ে ইউরোপে কার্গো পরিবহনের সুযোগ—সব মিলিয়ে এই সমঝোতাকে দেশের এভিয়েশন খাতের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশের পক্ষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি-এর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌদি আরব সফর করে। প্রতিনিধি দলে বেবিচকের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) (চলতি দায়িত্ব) মোহাম্মদ সফিউল আজম-ও অংশ নেন। তিনি সমঝোতার আলোচনা ও নেগোসিয়েশন প্রক্রিয়ায় ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনার পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। দুই দেশের মধ্যে বিমান চলাচলের বিদ্যমান সুযোগ আরও সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের দীর্ঘমেয়াদি এভিয়েশন স্বার্থ নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

নতুন সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনার সক্ষমতা বৃদ্ধি। এর ফলে সৌদি আরবে বসবাসরত প্রায় ৪০ লাখ বাংলাদেশির যাতায়াত আরও সহজ হবে। বাড়তি ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হওয়ায় আসন সক্ষমতা ও যাত্রীদের ভ্রমণের বিকল্প বাড়বে। একই সঙ্গে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও মানুষের পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।

বিশেষ করে হজ ও ওমরাহ যাত্রী পরিবহনে নতুন সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। হজ মৌসুমের পিক সময়ে বিপুলসংখ্যক যাত্রী পরিবহনে এয়ারলাইনগুলো বাড়তি পরিচালন সক্ষমতা ও নমনীয়তা পাবে। ফলে ভবিষ্যতে হজ ফ্লাইটের ধারাবাহিকতা বজায় রাখা এবং যাত্রী পরিবহন আরও সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন করা সহজ হবে।

সমঝোতার আরেকটি বড় অর্জন হচ্ছে ঢাকার বাইরে আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ। সৌদি এয়ারলাইনগুলোর জন্য রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দা থেকে চট্টগ্রাম ও সিলেটে নির্ধারিত ফ্লাইট পরিচালনার সুযোগ আরও বিস্তৃত হয়েছে। এর ফলে দেশের দুটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবহার ও কার্যক্রম বাড়ানোর পাশাপাশি ঢাকাকেন্দ্রিক বিমান যোগাযোগের ওপর চাপ কমানোর সুযোগ তৈরি হবে।

নতুন সমঝোতায় দেশের এয়ার কার্গো খাতেও গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমবারের মতো ঢাকা–সৌদি আরব–ইউরোপ কার্গো সংযোগের সুযোগ রাখা হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে সৌদি আরব হয়ে ইউরোপের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনের নতুন পথ তৈরি হতে পারে। বিশেষ করে দ্রুত পরিবহন প্রয়োজন এমন রপ্তানি পণ্যের জন্য এটি নতুন বাজার ও লজিস্টিক সুবিধা তৈরিতে ভূমিকা রাখতে পারে।

এভিয়েশন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এই অর্জনকে বাংলাদেশ-সৌদি বিমান যোগাযোগের ক্ষেত্রে ব্যতিক্রমী ও কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন। তাদের মতে, এটি কেবল দুই দেশের মধ্যে ফ্লাইট বাড়ানোর একটি সমঝোতা নয়; বরং বাংলাদেশের এভিয়েশন খাতকে দীর্ঘমেয়াদে সম্প্রসারণের জন্য একাধিক নতুন সুযোগ তৈরি করেছে।

তাদের মতে, চট্টগ্রাম ও সিলেটকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা এবং ঢাকা–সৌদি আরব–ইউরোপ কার্গো সংযোগের সুযোগ তৈরি হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। এসব সুবিধা যথাযথভাবে কাজে লাগানো গেলে আঞ্চলিক বিমানবন্দরগুলোর কার্যক্রম বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক এয়ার কার্গো বাজারেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী হতে পারে।

এভিয়েশন সংশ্লিষ্টরা মনে করছেন, প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশির যাতায়াত সহজ করা, হজ ফ্লাইটে বাড়তি সক্ষমতা নিশ্চিত করা, চট্টগ্রাম ও সিলেটের আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ এবং ইউরোপমুখী কার্গোর নতুন সম্ভাবনা—সব মিলিয়ে এটি বাংলাদেশের এভিয়েশন কূটনীতিতে একটি উল্লেখযোগ্য সাফল্য।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সমঝোতা ভবিষ্যতে দেশের এভিয়েশন খাতের জন্য সুদূরপ্রসারী সুফল বয়ে আনতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ অক্টোবর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তির পথে বিমান, বহর

1

অভিযোগের পর বিমানের প্রকৌশল বিভাগে পদোন্নতি কার্যক্রম স্থগিত

2

শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ, তিন এয়ারলাইন্সের কাছে বেবিচক

3

প্রায় ৮ বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্স, মাস্কাট রুটে সালামএ

4

সংযুক্ত আরব আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায়

5

সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৫৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্ত

6

১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর

7

থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি ৫৭ শতাংশ সম্পন্ন: বিমান পরিব

8

বোয়িং কিনতে বাংলাদেশের সিদ্ধান্তে ট্রাম্পের প্রশংসা, তারেক র

9

বিদেশি পাসপোর্টধারীদের জন্য অনলাইনে ইডি কার্ড ও অন-অ্যারাইভা

10

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটে সংকট, কয়েকটি

11

শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণে ২০৭০ সালের মাস্টারপ্ল্যান,

12

বিমানের ৯ পদে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

13

রিও ডি জেনেইরোতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

14

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শেষের পথে, অক্টোবরে উদ্বোধন

15

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের বিমান চলাচল, বেড়েছে ভাড়

16

ইরানি ফ্লাইট বন্ধে সহযোগিতা করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর

17

দম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্

18

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমানবন্দরে প্রায়োরিটি সেবা, বিমা

19

প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর এলাকায় বাড়ছে নজরদারি, ১০০ স

20