বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করতে চেকড লাগেজ তল্লাশিতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। কোনো যাত্রীর ব্যাগে নিষিদ্ধ বা উড়োজাহাজের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ সামগ্রী থাকার সন্দেহ হলে এখন থেকে যাত্রীর উপস্থিতি বা সম্মতি ছাড়াই সেটি খুলে পরীক্ষা করতে পারবেন নিরাপত্তাকর্মীরা।
থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAT) জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। তবে সব লাগেজ নয়, এক্স-রে স্ক্রিনিংয়ে সন্দেহজনক হিসেবে শনাক্ত চেকড ব্যাগই এ ব্যবস্থার আওতায় আসবে।
সন্দেহজনক ব্যাগ নির্ধারিত স্থানে নিয়ে খুলে তল্লাশি করা হবে এবং পুরো প্রক্রিয়া ভিডিও ধারণ করে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হবে। তল্লাশি শেষে সংশ্লিষ্ট যাত্রীকে বিষয়টি জানানো হবে।
কর্তৃপক্ষের মতে, বর্তমানে সন্দেহজনক লাগেজ শনাক্ত হলে অনেক ক্ষেত্রে মালিককে খুঁজে এনে তার উপস্থিতিতে ব্যাগ পরীক্ষা করতে হয়। নতুন ব্যবস্থায় সেই অপেক্ষার প্রয়োজন না থাকায় নিরাপত্তা পরীক্ষা দ্রুত হবে এবং ফ্লাইটের অপ্রয়োজনীয় বিলম্বও কমবে।
লাগেজ তল্লাশির সময় ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে যাত্রীদের TSA-অনুমোদিত লক ব্যবহারের পরামর্শ দিয়েছে CAAT। অনুমোদিত নিরাপত্তাকর্মীরা বিশেষ ব্যবস্থায় এসব লক খুলে তল্লাশি শেষে পুনরায় লাগাতে পারেন।
CAAT জানিয়েছে, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে সন্দেহজনক চেকড লাগেজ যাত্রীর অনুপস্থিতিতে তল্লাশির ব্যবস্থা রয়েছে। নতুন নিয়মের মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি লাগেজ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে থাইল্যান্ডের।
মন্তব্য করুন