এভিয়েশন বার্তা ডেস্ক:
আকাশপথে নিরাপত্তা রক্ষা, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিতকরণে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের (এটিসিও) গুরুত্বপূর্ণ ভূমিকাকে গুরুত্ব দিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিমানবন্দরে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দিবস-২০২৬’।
২০ অক্টোবর (মঙ্গলবার) সকালে বিমানবন্দর চত্বরে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালিতে বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
র্যালি পরবর্তী আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক মোঃ আইয়ুব আলী। বক্তব্যে তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা বজায় রাখার দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর পরিচালনগত গুরুত্ব, নিরাপত্তা প্রক্রিয়া এবং পেশাগত চ্যালেঞ্জ নিয়ে তথ্যবহুল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার (এসএটিও) মোঃ শফিকুল ইসলাম এবং অ্যারোড্রোম সহকারী মোঃ তরিকুল ইসলাম। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড বজায় রাখার গুরুত্বও তুলে ধরা হয় তাদের উপস্থাপনায়।
দিবসটি উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে এভিয়েশন খাতে এটিসিওদের অবদান, দায়িত্ব ও পেশাগত চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা হয়। ফ্লাইট নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে সার্বক্ষণিক পেশাগত উন্নয়ন, কার্যকর যোগাযোগ রক্ষা, টিমওয়ার্ক এবং সর্বোচ্চ সতর্কতার ওপর আলোকপাত করেন বক্তারা।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল যশোর বিমানবন্দরের ‘বেস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসিও) অব দ্য ইয়ার-২০২৬’ সম্মাননা প্রদান।
দায়িত্বে নিষ্ঠা, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, আইসিএও নির্ধারিত স্ট্যান্ডার্ড ফ্রেসিওলজির যথাযথ অনুসরণ এবং নিরাপদ বিমান পরিচালনায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর সেরা এটিসিও নির্বাচিত হন এস. এম. শাহাদাত হোসেন। বিমানবন্দর ব্যবস্থাপক মোঃ আইয়ুব আলী তাঁর হাতে সম্মাননা সনদ (Certificate of Appreciation) তুলে দেন।
সমাপনী বক্তব্যে বিমানবন্দর ব্যবস্থাপক সফলভাবে দিবসটি উদযাপনে সহায়তার জন্য সকল এটিসিও, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। একই সাথে তিনি নিরাপত্তা নিশ্চিতকরণে শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ওপর জোর দেন।
পরবর্তীতে কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সূত্র: যশোর বিমানবন্দর কর্তৃপক্ষ।
মন্তব্য করুন