দেশের ৫৫৪টি অস্থাবর প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে গেজেটভুক্ত করেছে সরকার। একই সঙ্গে দেশের প্রত্নসম্পদ, পাণ্ডুলিপি, লোকঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ এবং বিশ্বব্যাপী মানুষের জন্য উন্মুক্ত করতে ন্যাশনাল ডিজিটাল কালচারাল রিপোজিটরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য ফাহমিদা হকের (মহিলা আসন-১৮) এক লিখিত প্রশ্নের জবাবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকার গেজেটভুক্ত ৫৫৪টি অস্থাবর প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকা ইতোমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করেছে।
তিনি জানান, দেশের পাণ্ডুলিপি, লোকঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ, ডিজিটালাইজেশন এবং সেগুলো বিশ্বের মানুষের কাছে সহজলভ্য করার লক্ষ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নয়, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর ২৩৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি বর্তমানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মন্ত্রী বলেন, প্রকল্পটি অনুমোদিত হলে দেশের প্রত্নসম্পদ, পাণ্ডুলিপি, লোকঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন ডিজিটালভাবে সংরক্ষণ ও আর্কাইভ করার পাশাপাশি সেগুলো বিশ্বের মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রকল্পটি অনুমোদনের পর দ্রুত ন্যাশনাল ডিজিটাল কালচারাল রিপোজিটরি প্রতিষ্ঠার কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে। এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক সম্পদের ডিজিটাল সংরক্ষণ নিশ্চিত হবে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ অনলাইনে এসব ঐতিহ্য সম্পর্কে জানতে ও সংগ্রহ দেখতে পারবেন।
মন্তব্য করুন