এভিয়েশন বার্তা ডেস্ক
সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান হামলার পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
ফ্লাইট স্থগিতের কারণে সৌদি আরবগামী এবং সেখান থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের জন্য বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের সুযোগের কথা জানিয়েছে বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত এবং বাংলাদেশে ফিরতে পারবেন। তবে এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রার সময়সূচি যথাসময়ে যাত্রীদের জানানো হবে।
এর ফলে রিয়াদ ও দাম্মামগামী যাত্রীদের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করে ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এর আগে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিঘ্নের কারণে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে যাত্রীদের দ্রুত অবহিত করা, পুনঃবুকিং ও অর্থ ফেরতসংক্রান্ত নির্দেশনা দেওয়া এবং বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে নির্দেশনা দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের প্রয়োজনীয় তথ্যের জন্য বিমান সংস্থাটির সেলস সেন্টারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন