চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কায়দায় শরীরে লুকিয়ে আনা ২ দশমিক ১৬ কেজি স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরা ওই যাত্রীকে তল্লাশি করেন। ব্যাগেজ নিয়ে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশির একপর্যায়ে তাঁর পায়জামার বেল্টের স্থানে ও আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই এলাকায়।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আরও জানান, উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে স্বর্ণ পরিবহনে জড়িত এবং আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।
তিনি বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থাগুলো, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন