এভিয়েশন বার্তা ডেস্ক
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওনডো রাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য রয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বিমানটির কোনো আরোহী বেঁচে নেই।
সোমবার বিমানটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে যাত্রা করেছিল। পথে হঠাৎ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে ওনডো রাজ্যের ইগবোগোটা উপকূলীয় শহরের কাছে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। সেখানে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি জানান, বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা খুঁজে বের করতে দেশটির বিমানবাহিনীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে তদন্তের ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
অ্যাভিয়েশন কর্মকর্তা ফেসটাস কিয়ামো জানিয়েছেন, বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর বিমানটির অবস্থান শনাক্তে তৎপরতা শুরু হয় এবং পরবর্তী সময়ে ইগবোগোটা উপকূলীয় শহরের কাছে ধ্বংসাবশেষ পাওয়া যায়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে কারিগরি ত্রুটি, আবহাওয়া কিংবা অন্য কোনো সম্ভাব্য কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় ঘটে যাওয়া বড় বিমান দুর্ঘটনাগুলোর একটি হিসেবে ঘটনাটিকে উল্লেখ করা হচ্ছে।
সূত্র: এএম
মন্তব্য করুন