এভিয়েশন বার্তা ডেস্ক
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার মধ্যরাতে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরে প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সঙ্গী হচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের পরিচালনা ও আংশিক চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে টার্মিনালটি আংশিকভাবে চালুর লক্ষ্য নিয়ে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।
সফরসূচি অনুযায়ী, রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অবকাঠামোগত নির্মাণকাজ সম্পন্ন হলেও এখন মূল অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে এর কার্যকর পরিচালনা নিশ্চিত করা। জাপানি কনসোর্টিয়ামের সাথে পরিচালনা চুক্তি চূড়ান্তকরণ, দায়িত্ব বণ্টন এবং অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওরাট/ORAT) কার্যক্রমের প্রস্তুতি টার্মিনাল চালুর সময়সূচির সাথে নিবিড়ভাবে জড়িত। প্রধানমন্ত্রীর এই সফরে দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে জাপানি কনসোর্টিয়ামের সাথে পরিচালনা চুক্তি ও রূপরেখার উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে টার্মিনাল পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রাথমিকভাবে প্রায় ২০টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে আংশিক কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চলমান আলোচনায় পরিচালনালব্ধ রাজস্বে বাংলাদেশের অংশীদারত্ব ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
মন্তব্য করুন