বিদেশগামী প্রবাসী কর্মীদের জরুরি প্রয়োজনে নিরাপদ অবস্থান ও রাত্রিযাপনের সুবিধা নিশ্চিত করতে রাজধানীর আশকোনার হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন সুবিধা চালু করার ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা, ধর্মমন্ত্রীর প্রস্তাব এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ আবাসন সুবিধা বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টার’-এ মাত্র ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে, যা বিদেশগামী কর্মীদের তুলনায় অপ্রতুল। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া কিংবা অন্য কোনো কারণে ফ্লাইট বিলম্ব বা বাতিল হলে অনেক প্রবাসী বিমানবন্দর এলাকায় চরম ভোগান্তিতে পড়েন।
তিনি জানান, নতুন উদ্যোগের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত হজ্জ ক্যাম্পে অতিরিক্ত ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে। এর মধ্যে পুরুষ প্রবাসীদের জন্য ৫০টি এবং নারী প্রবাসীদের জন্য পৃথক ৫০টি শয্যা থাকবে, যাতে জরুরি পরিস্থিতিতে তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে অবস্থান করতে পারেন।
মন্ত্রী আরও জানান, প্রকল্পটির সম্পূর্ণ অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এর মাধ্যমে প্রবাসী কল্যাণ তহবিলের কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বিদেশগামী কর্মীদের জন্য একটি মানবিক সহায়তা ব্যবস্থা গড়ে তোলা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব নীতির অংশ হিসেবে বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা, আবাসনের সংকট এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের অভাব দূর করতে কাজ করছে। নতুন আবাসন সুবিধা চালু হলে বিদেশগামী প্রবাসীরা ফ্লাইটের জন্য অপেক্ষার সময় আরও নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে থাকতে পারবেন।
হজ্জ ক্যাম্প পরিদর্শনের সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন