নিজস্ব প্রযুক্তিতে নির্মিত পরিবহন ও কার্গো বিমান ‘সিমোর্গ’-কে বাণিজ্যিকভাবে পরিচালনার পথে বড় অগ্রগতি অর্জন করেছে ইরান। প্রয়োজনীয় মান যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে ২০২৭ সালের মধ্যে বিমানটি বাণিজ্যিক সেবায় যুক্ত হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ইরানের বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির অ্যারোস্পেস, পরিবহন ও নগর উন্নয়ন সদর দপ্তরের সচিব শোকরি মেহর নিউজকে বলেন, বর্তমানে সিমোর্গ বিমানটি মান নির্ধারণ, লাইসেন্সিং ও সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। দ্রুত টাইপ সার্টিফিকেট (TC) অথবা সাপ্লিমেন্টাল টাইপ সার্টিফিকেট (STC) অর্জনের মাধ্যমে প্রকল্পটি এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
তিনি জানান, ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি (HESA), দেশটির সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এবং সংশ্লিষ্ট জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রকল্পের কাজ এগিয়ে চলছে। সরকারও এ প্রকল্পে পূর্ণ সহযোগিতা অব্যাহত রেখেছে।
ইরানের ইরান-১৪০ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি সিমোর্গ মূলত একটি দেশীয় কার্গো পরিবহন বিমান। এর মাধ্যমে আকাশপথে পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশীয় বিমান নকশা, উৎপাদন, পরীক্ষা ও মান নিয়ন্ত্রণে সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে তেহরান।
দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যন্ত্রাংশ সংগ্রহে সীমাবদ্ধতার মধ্যেও ইরান নিজস্ব প্রযুক্তিনির্ভর বিমান শিল্প গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সিমোর্গ প্রকল্প সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, সব প্রক্রিয়া সফলভাবে শেষ হলে আগামী ইরানি বর্ষ ১৪০৬ (প্রায় ২০২৭ সাল) থেকে সিমোর্গ বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হতে পারে। তবে সার্টিফিকেশন প্রক্রিয়ার অগ্রগতির ওপর চূড়ান্ত সময়সূচি নির্ভর করবে।
সূত্র: মেহের নিউজ
মন্তব্য করুন