দেশের ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করে কালচারাল ট্যুরিজম উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে পর্যটন উন্নয়ন’ বিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প, যার সঙ্গে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে সম্পর্কিত। দেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। বর্তমানে জিডিপিতে পর্যটন খাতের অবদান ২ থেকে ৩ শতাংশের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ খাতের অবদান ৭ থেকে ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, দুই মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। এর পর অভিন্ন নীতিমালা (Standard Operating Procedure) প্রণয়ন করা হবে। পাশাপাশি দেশের কালচারাল ট্যুরিজমকে এগিয়ে নিতে Joint Taskforce for Cultural Tourism গঠন করা হবে।
সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিদেশি পর্যটকদের কাছে নজরুল বর্ষের প্রচারণা বাড়ানোর প্রস্তাব দিলে পর্যটনমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের ঐতিহ্য হাজার বছরের পুরোনো। এসব ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটনের আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, দেশে বর্তমানে ৫৫৪টি প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে। এসব স্থাপনা পর্যায়ক্রমে পরিদর্শন করে পর্যটন উপযোগী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি এবং উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন