এভিয়েশন বার্তা ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। কাস্টমস কর্তৃপক্ষের হিসাবে উদ্ধার করা ২৪ ক্যারেট স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা Malaysia Airlines-এর MH-0196 ফ্লাইটের এক মালয়েশিয়ান যাত্রীকে বিমান থেকে নামার পর নজরদারিতে রাখা হয়। ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রমের সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়।
কর্তৃপক্ষ জানায়, তল্লাশির একপর্যায়ে যাত্রীর শার্টের নিচে কালো কাপড়ের বিশেষ বেল্টে মোড়ানো অবস্থায় ৯টি স্বর্ণবার পাওয়া যায়। এর মধ্যে চারটির ওজন এক কেজি করে এবং পাঁচটির ওজন ১০০ গ্রাম করে। সব মিলিয়ে স্বর্ণের ওজন ৪ দশমিক ৫ কেজি।
কাস্টমসের দাবি, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি এবং স্বর্ণ বহনের পক্ষে প্রয়োজনীয় নথিও দেখাতে পারেননি।
আইনি কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ১৯১ অনুযায়ী স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।
অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট যাত্রীকে দোষী হিসেবে গণ্য করার সুযোগ নেই।
সূত্র: কাস্টমস হাউস, ঢাকা
মন্তব্য করুন