এভিয়েশন বার্তা ডেস্ক
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দর বন্ধ থাকার কারণে ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত রিয়াদগামী মোট সাতটি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।
বিমানবন্দর বন্ধের প্রভাবে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে। ফলে রিয়াদগামী যাত্রীদের নির্ধারিত ভ্রমণসূচিতে পরিবর্তন আসছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
যাত্রীদের অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা সময়সূচি পরিবর্তনের তথ্য যথাসময়ে যাত্রীদের জানানোর ওপর গুরুত্ব দিয়েছে বেবিচক।
যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
সূত্র: বেবিচক
মন্তব্য করুন