এভিয়েশন বার্তা ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে তিনটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক পণ্যের মূল্য ও প্রযোজ্য শুল্ক-করসহ মোট আর্থিক পরিমাণ প্রায় ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা।
সিআইআইডি সূত্রে জানা গেছে, গত ১১ ও ১৭ আগস্ট পরিচালিত এসব অভিযানে মোট ৩৪৯ কার্টন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম এবং এক লিটার বিদেশি মদ আটক করা হয়।
গত ১৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর সার্কেলের এ-শিফট দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ও ইকে-৫৮৬ ফ্লাইটে অভিযান পরিচালনা করে। এ সময় তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টন বিদেশি সিগারেট, ৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও এক লিটার বিদেশি মদ আটক করা হয়। শুল্ক-করসহ এসব পণ্যের মোট মূল্য প্রায় ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।
এর আগে ১১ আগস্ট দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন যাত্রীর কাছ থেকে ১৭৯ কার্টন বিদেশি সিগারেট ও ৫২ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করা হয়। শুল্ক-করসহ এ চালানের মূল্য প্রায় ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।
অন্যদিকে, ১৭ আগস্ট বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালিয়ে ৩১৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করে কাস্টমস গোয়েন্দা। আটক এ চালানের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সিআইআইডি।
সিআইআইডির হিসাব অনুযায়ী, তিন অভিযানে আটক পণ্যের সম্মিলিত শুল্কায়নযোগ্য বা বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা। এসব পণ্যের বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। সব মিলিয়ে আটক পণ্যের মূল্য ও শুল্ক-করের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বিমানবন্দর দিয়ে চোরাচালান ও অবৈধ পণ্য আমদানি প্রতিরোধ এবং সরকারি রাজস্ব সুরক্ষায় নজরদারি জোরদার করা হয়েছে। গোপন তথ্য ও ঝুঁকিভিত্তিক পর্যবেক্ষণের মাধ্যমে যাত্রী, কার্গো ও পার্সেল পর্যায়ে অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
মন্তব্য করুন