এভিয়েশন বার্তা ডেস্ক
জার্মানির ব্যস্ততম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দরে (FRA) এক চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তুরস্কের বাজেট এয়ারলাইন ‘পেগাসাস এয়ারলাইন্স’-এর একটি এয়ারবাস এ৩২১নিও (Airbus A321neo) উড্ডয়নের জন্য নির্দিষ্ট রানওয়েতে প্রবেশ করার সময় বাঁ দিকে না ঘুরে ভুলবশত ডান দিকে ঘুরে যায়। এর ফলে বিমানটির সামনে উড্ডয়নের জন্য প্রয়োজনীয় দূরত্বের অর্ধেকেরও কম ফাঁকা জায়গা অবশিষ্ট ছিল। তবে সময়মতো টেকঅফ বাতিল করায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
গত ২০ অক্টোবর পেগাসাস এয়ারলাইন্সের ফ্লাইট PC996 ফ্রাঙ্কফুর্ট থেকে তুরস্কের ইস্তাম্বুল সাবিহা গোকচেন বিমানবন্দরের (SAW) উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। উড়োজাহাজটিকে (রেজিস্ট্রেশন: TC-RDO) বিমানবন্দরটির দক্ষিণমুখী রানওয়ে ১৮ (Runway 18) ব্যবহার করে টেকঅফ করার ক্লিয়ারেন্স দেওয়া হয়।
ট্যাক্সিওয়ে ‘এস’ (Taxiway S) দিয়ে রানওয়েতে ওঠার সময় পাইলটদের বাঁ দিকে ঘুরে দক্ষিণমুখী হওয়ার নির্দেশ ছিল। কিন্তু পাইলটরা ভুল করে ডান দিকে ঘুরে উত্তরমুখী হয়ে রানওয়েতে প্রবেশ করেন। রানওয়ে ১৮ কেবল দক্ষিণমুখী উড্ডয়নের জন্য তৈরি। ভুল দিকে ঘোরার কারণে টেকঅফের জন্য নির্ধারিত প্রায় ২,৭৫৫ মিটার দূরত্বের জায়গায় বিমানটির সামনে অবশিষ্ট ছিল মাত্র ১,২০০ মিটার রানওয়ে—যা এ৩২১নিও-র মতো পূর্ণ লোডের যাত্রীবাহী বিমানের টেকঅফের জন্য যথেষ্ট নয়।
প্রতিবেদন অনুযায়ী, ভুল অভিমুখে ঘোরার পর বিমানটি রানওয়ে ধরে স্বল্প গতিতে (প্রায় ৩৫ নট বা ৬৫ কিমি/ঘণ্টা) এগোতে শুরু করেছিল। তৎক্ষণাৎ পরিস্থিতি লক্ষ্য করে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং টেকঅফ বাতিল করে নিকটবর্তী ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ে খালি করে বেরিয়ে যান পাইলটরা।
পরবর্তীতে বিমানটি পুরো প্রক্রিয়া পুনরায় সম্পন্ন করে সঠিক নিয়মে রানওয়ে ১৮-তে প্রবেশ করে এবং নিরাপদেই ইস্তাম্বুলের উদ্দেশে উড়াল দেয়। এই ঘটনায় কোনো যাত্রী বা ক্রু হতাহত হননি এবং বিমানেরও কোনো ক্ষতি হয়নি।
ঘটনার প্রেক্ষিতে পেগাসাস এয়ারলাইন্স জানিয়েছে, রানওয়েতে ভুল দিকে প্রবেশের বিষয়টি সত্য হলেও কোনো অনিরাপদ টেকঅফের চেষ্টা চালানো হয়নি; পরিস্থিতি বুঝতে পেরেই পাইলটরা দ্রুত রানওয়ে ত্যাগ করেন। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি অভ্যন্তরীণভাবে খতিয়ে দেখা হচ্ছে। জার্মানির ফেডারেল ব্যুরো অব এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন (BFU) ঘটনাটির তথ্য সংগ্রহ করে আনুষ্ঠানিক তদন্তের বিষয়টি পর্যালোচনা করছে।
সূত্র: এভিয়েশন এটুজেড (Aviation A2Z)
মন্তব্য করুন