সৌদি আরবের শীর্ষস্থানীয় স্বল্পমূল্যের (লো-কস্ট) বিমান সংস্থা ফ্লাইনাস (flynas) ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ারশো ২০২৬-এ এয়ারবাসের সঙ্গে আরও ২৫টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি চূড়ান্ত করেছে। নতুন এই চুক্তির মাধ্যমে এয়ারবাসের কাছে সংস্থাটির মোট উড়োজাহাজ ক্রয়ের প্রতিশ্রুতি বেড়ে ২৩৫টিতে পৌঁছেছে।
নতুন অর্ডারের মধ্যে রয়েছে ৫টি দূরপাল্লার এয়ারবাস A330-900 (A330neo) এবং ২০টি এয়ারবাস A321neo। এর ফলে ফ্লাইনাসের মোট A330neo অর্ডারের সংখ্যা বেড়ে ২০টিতে এবং A321neo অর্ডারের সংখ্যা ৫৬টিতে উন্নীত হয়েছে।
বর্তমানে ফ্লাইনাসের বহরে মোট ৬৭টি এয়ারবাস উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ৬১টি A320neo, ৪টি A320ceo এবং ২টি A330-300। নতুন উড়োজাহাজ যুক্ত হলে সৌদি আরবের ছয়টি অভ্যন্তরীণ অপারেশনাল বেস থেকে এয়ারলাইনটি আরও বিস্তৃত পরিসরে ফ্লাইট পরিচালনা করতে পারবে। পাশাপাশি সম্প্রতি চালু হওয়া flynas Syria-এর কার্যক্রম সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফ্লাইনাস জানিয়েছে, বহর সম্প্রসারণের এই উদ্যোগ সৌদি আরবের জাতীয় এভিয়েশন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে হজ ও ওমরাহ পালনকারী যাত্রীদের যাতায়াত আরও সহজ করার পাশাপাশি এক্সপো ২০৩০ এবং ফিফা বিশ্বকাপ ২০৩৪ উপলক্ষে প্রত্যাশিত বিপুল সংখ্যক আন্তর্জাতিক ভ্রমণকারীর চাহিদা পূরণে সক্ষমতা বাড়ানো হবে।
বিশ্লেষকদের মতে, নতুন উড়োজাহাজ সংযোজনের ফলে ফ্লাইনাস মধ্যপ্রাচ্যের অন্যতম দ্রুত বর্ধনশীল লো-কস্ট এয়ারলাইন হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে পারবে।
মন্তব্য করুন