দীর্ঘ সাড়ে সাত বছর পর আবারও ঢাকা-কাঠমান্ডু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী সেপ্টেম্বর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পুনরায় ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বেসরকারি এয়ারলাইনসটি।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা-কাঠমান্ডু রুটে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। যাত্রী পরিবহনে এ রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০১৮ সালের মার্চে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ দুর্ঘটনার পর ঢাকা-কাঠমান্ডু রুটে এয়ারলাইনসটির নিয়মিত ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় এ রুটে ইউএস-বাংলার কোনো নির্ধারিত ফ্লাইট ছিল না।
অবশেষে প্রায় সাড়ে সাত বছর পর গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক রুটে ফিরতে যাচ্ছে ইউএস-বাংলা। সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পুনরায় চালু হলে বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন ও যাত্রী যোগাযোগ আরও সহজ হবে।
মন্তব্য করুন