কলকাতা বিমানবন্দরে অবতরণের ঠিক আগে লেজার আলোর কারণে বিপত্তিতে পড়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট। কুয়ালালামপুর থেকে কলকাতাগামী MH-184 ফ্লাইটটিতে ১৫৯ জন যাত্রী ছিলেন। তবে শেষ পর্যন্ত উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং কোনো যাত্রী বা ক্রু আহত হননি।
প্রতিবেদন অনুযায়ী, রাত প্রায় ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটি কলকাতা বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় ককপিট লক্ষ্য করে তীব্র লেজার আলো ফেলা হয়। আকস্মিক ঝলকানিতে পাইলট সাময়িকভাবে বিভ্রান্ত হন এবং স্বাভাবিক অবতরণ প্রক্রিয়া ব্যাহত হয়।
নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটি কিছু সময় আকাশে চক্কর দেয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রায় পাঁচ মিনিট পর, রাত ১১টা ২৫ মিনিটের দিকে ফ্লাইটটি নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
ঘটনার পর মালয়েশিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় এনএসসিবিআই থানায় অভিযোগও করা হয়েছে। লেজার আলোটি কোথা থেকে এবং কারা ছুড়েছে, তা তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে মধ্যমগ্রাম–বারাসত এলাকা থেকে আলোটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের মতো গুরুত্বপূর্ণ সময়ে ককপিটে লেজার আলো পড়া গুরুতর বিমান নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তীব্র আলো পাইলটের সাময়িক দৃষ্টিবিভ্রাট ও বিভ্রান্তির কারণ হতে পারে, যা অবতরণের মতো সংবেদনশীল মুহূর্তে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
তবে এ ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ফ্লাইটটির সব যাত্রী ও ক্রু নিরাপদে ছিলেন।
সূত্র: পিটিআই ও ভারতীয় সংবাদমাধ্যম
মন্তব্য করুন