এভিয়েশন বার্তা ডেস্ক
যাত্রীদের আকাশপথের বিনোদনে বড় পরিবর্তন আনতে পরবর্তী প্রজন্মের ‘ক্রিসওয়ার্ল্ড’ (KrisWorld) ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট (আইএফই) ব্যবস্থা উন্মোচন করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। নতুন এই প্রযুক্তিতে যুক্ত করা হয়েছে আল্ট্রা-হাই-ডেফিনিশন ৪কে ডিসপ্লে, নিজস্ব ওয়্যারলেস হেডফোন ব্যবহারের জন্য ব্লুটুথ সংযোগ, সিনেমাটিক স্পেশিয়াল অডিও এবং একটি সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস।
সংস্থাটির তথ্য অনুযায়ী, আসন্ন বোয়িং ৭৭৭-৯ (বোয়িং ৭৭৭এক্স) বহরে এই সিস্টেম সরাসরি কারখানা থেকেই ইনস্টল করা থাকবে। পাশাপাশি সংস্থাটির ৪১টি ক্যাবিন সংস্কারাধীন এয়ারবাস এ৩৫০ বিমানেও পর্যায়ক্রমে এই সিস্টেম স্থাপন করা হবে।
নতুন ক্রিসওয়ার্ল্ড সিস্টেমে বিনোদনের পরিধি প্রায় ৩০ শতাংশ বাড়িয়ে মোট ২,৫০০টিরও বেশি কনটেন্ট রাখা হয়েছে। এতে অ্যাপল টিভি, এইচবিও ম্যাক্স, প্যারামাউন্ট+, বিবিসি এবং সিএনএ-এর মতো শীর্ষ প্ল্যাটফর্মের অনুষ্ঠান ছাড়াও বিবিসি নিউজ ও স্পোর্টস ২৪-এর লাইভ টিভি দেখার সুযোগ থাকছে। পাশাপাশি যুক্ত হয়েছে মাল্টিটাস্কিং ‘মিনি-প্লেয়ার’ এবং শিশুদের জন্য বিশেষ ‘কিডস মোড’।
হার্ডওয়্যারের দিক থেকে বোয়িং ৭৭৭-৯ এবং এয়ারবাস এ৩৫০ ইউএলআর-এর ফার্স্ট ক্লাসে থাকছে সুবিশাল ৩২-ইঞ্চি ৪কে ডিসপ্লে এবং ব্যাং অ্যান্ড ওলুফসেন (Bang & Olufsen) অ্যাক্টিভ নয়েজ-ক্যানসেলিং হেডফোন। বিজনেস ক্লাসে থাকছে ২০ থেকে ২২ ইঞ্চির ৪কে স্ক্রিন। এ ছাড়া বোয়িং ৭৭৭-৯ এর প্রিমিয়াম ইকোনমিতে সর্বোচ্চ ১৬ ইঞ্চি ও সাধারণ ইকোনমিতে ১৩ ইঞ্চি ৪কে স্ক্রিনের পাশাপাশি সব ক্লাসেই ব্লুটুথ অডিও সংযোগের সুবিধা মিলবে।
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, প্রথম সংস্কারকৃত এয়ারবাস এ৩৫০ বিমানটি ২০২৭ সালের শুরুর দিকে বাণিজ্যিক সার্ভিসে ফিরবে। আর বোয়িং ৭৭৭-৯ সরবরাহ শুরু হলে যাত্রীরা শুরু থেকেই এই অত্যাধুনিক বিনোদন ব্যবস্থার অভিজ্ঞতা নিতে পারবেন।
সূত্র: এভিয়েশন এটুজেড (Aviation A2Z)
মন্তব্য করুন