দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন, আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ এবং কারিগরি সহযোগিতা জোরদারে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার।
সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হি (Shejdon Hee)।
বৈঠকে আইএটিএর পক্ষ থেকে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টার (BATC)-কে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠানে উন্নীত করতে কারিগরি সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করে সংস্থাটি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, "টিকিট সিন্ডিকেট দমনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে আইএটিএর কারিগরি সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।"
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, "পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ হ্রাস-সংক্রান্ত পৃথক ধারা সংযোজন করা হয়েছে। সরকার টেকসই এভিয়েশন ফুয়েল (SAF) নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি, আকাশপথে অপরাধ দমনে মন্ট্রিয়ল প্রটোকল ২০১৪ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বৈঠকে দেশের পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ, বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধি এবং সরকার ও আইএটিএর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
মন্তব্য করুন