এভিয়েশন বার্তা ডেস্ক
যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে কঠোর অভিবাসনসংক্রান্ত শাস্তির মুখে পড়তে পারেন বিদেশি ভ্রমণকারীরা। এমনকি যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি বিচারের মতো পরিণতিও হতে পারে। এ বিষয়ে বাংলাদেশি ভ্রমণকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়। মার্কিন দূতাবাসের ওই বার্তার বরাতে সংবাদ প্রকাশ করেছে এভিয়েশন এক্সপ্রেস।
মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর একজন বিদেশি নাগরিককে যত দিন অবস্থানের অনুমতি দেওয়া হয়, সেই সময়সীমা মেনে চলা বাধ্যতামূলক। অনুমোদিত সময় অতিক্রম করে অবস্থান করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাসহ গুরুতর আইনগত জটিলতার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তাদের কাছে ভিসা আবেদনকারী ও ভ্রমণকারীদের পূর্ববর্তী অভিবাসনসংক্রান্ত তথ্য যাচাইয়ের সুযোগ রয়েছে। ফলে অতীতে যুক্তরাষ্ট্রে অবস্থানের শর্ত লঙ্ঘন করা হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তা জানতে পারবেন।
দূতাবাসের বার্তায় অভিবাসন আইন মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে জানানো হয়েছে, অনিচ্ছাকৃত ভুলের অজুহাত দেখিয়ে নিয়ম লঙ্ঘনের বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিদের ভিসার শর্ত, প্রবেশের পর অনুমোদিত অবস্থানের মেয়াদ এবং প্রযোজ্য অভিবাসন বিধি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ এবং দেশটিতে অবস্থানের অনুমোদিত সময় এক বিষয় নয়। ভিসা বৈধ থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় নির্ধারিত অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হলে দেশটিতে থাকার বৈধতা নাও থাকতে পারে।
তাই ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তাঁদের অনুমোদিত অবস্থানের শেষ তারিখ যাচাই এবং প্রয়োজন হলে মেয়াদ শেষ হওয়ার আগেই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সূত্র: মার্কিন দূতাবাস, ঢাকা
মন্তব্য করুন