এভিয়েশন বার্তা ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি ও যাত্রীসেবার মানোন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এখন থেকে যাত্রীরা বিমানবন্দরে স্থাপিত বড় মনিটরের মাধ্যমে তাঁদের লাগেজ পরিবহন ও বেল্টে পৌঁছানোর কার্যক্রম সরাসরি দেখতে পারবেন।
শনিবার (১৭ অক্টোবর) বেবিচকের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের আওতায় বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে। এসব মনিটরের মাধ্যমে যাত্রীরা লাগেজ সংগ্রহের স্থানে অবস্থান করেই লাগেজ হ্যান্ডলিংয়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে সম্মানিত যাত্রীরা লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের বিভিন্ন ধাপ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। লাগেজ পরিবহন ও নির্ধারিত বেল্টে পৌঁছানোর প্রক্রিয়ার দৃশ্য মনিটরে সরাসরি দেখার সুযোগ থাকায় যাত্রীরা লাগেজ ব্যবস্থাপনার কার্যক্রম সম্পর্কে অবগত থাকতে পারবেন।
এতে লাগেজ সংগ্রহের পুরো অভিজ্ঞতা আরও সহজ, স্বচ্ছ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছে বেবিচক। একই সঙ্গে বিমানবন্দরের সেবার প্রতি যাত্রীদের আস্থা বাড়বে এবং লাগেজ ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহি আরও সুদৃঢ় হবে।
বিশেষ করে বিদেশফেরত প্রবাসীসহ দেশি-বিদেশি সব যাত্রীর জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বেবিচক। দীর্ঘ ভ্রমণ শেষে যাত্রীরা লাগেজ সংগ্রহের স্থানে বসেই মনিটরে লাগেজ পরিবহনের দৃশ্য দেখতে পারবেন। ফলে লাগেজ সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে তাঁদের ধারণা আরও পরিষ্কার হবে।
বেবিচক জানিয়েছে, যাত্রীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরাপদ, আধুনিক ও যাত্রীবান্ধব বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে কর্তৃপক্ষ। যাত্রীসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সেবার পরিধি সম্প্রসারণের ধারাবাহিকতায় নতুন এ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
কর্তৃপক্ষের প্রত্যাশা, এ উদ্যোগ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনার স্বচ্ছতা বৃদ্ধি, যাত্রীসন্তুষ্টি নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।
সূত্র: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মন্তব্য করুন