aviation
প্রকাশিত: 16 October 2026, 8:34:55 Am
অনলাইন সংস্করণ

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে বাংলাদেশের ২২ পুরস্কার, চারটি গোল্ড

এভিয়েশন বার্তা ডেস্ক

দক্ষিণ এশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতের অন্যতম আঞ্চলিক স্বীকৃতি ‘সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (সাতা) ২০২৬’-এ ২২টি পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। এর মধ্যে চারটি গোল্ড অ্যাওয়ার্ড রয়েছে। হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, পর্যটনসেবা, করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং পেশাগত নেতৃত্বসহ বিভিন্ন বিভাগে এ স্বীকৃতি পেয়েছে দেশের প্রতিষ্ঠান ও ব্যক্তিরা।

গত ৭ ও ৮ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের দশম আসরে এসব পুরস্কার দেওয়া হয়। এ বছর বাংলাদেশের অংশগ্রহণ সমন্বয় করেছে ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ (উৎসব)। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চার বিভাগে বাংলাদেশের গোল্ড অ্যাওয়ার্ড

এবারের আয়োজনে সেরা প্রচারণা ক্যাম্পেইন বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। শীর্ষস্থানীয় বাজেট হোটেল বিভাগে গোল্ড অর্জন করেছে এফএআরএস হোটেল অ্যান্ড রিসোর্টস।

এ ছাড়া নিশান সেনেভিরাত্নে সেরা করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি বিভাগে গোল্ড পেয়েছে দ্য পেনিনসুলা চিটাগং। দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজার বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন প্ল্যাটিনাম গ্র্যান্ড বাই শেলটেকের আলমগীর হোসাইন।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার সেরা নতুন হোটেল বা রিসোর্টের স্বীকৃতি পেয়েছে হায়াত প্লেস ঢাকা উত্তরা।

হোটেল ও রিসোর্ট খাতে একাধিক প্রতিষ্ঠানের সাফল্য

এবারের পুরস্কারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হোটেল ও রিসোর্ট উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

শীর্ষস্থানীয় বিমানবন্দর হোটেল হিসেবে স্বীকৃতি পেয়েছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। শীর্ষস্থানীয় সমুদ্রসৈকত হোটেল বা রিসোর্ট নির্বাচিত হয়েছে সায়েমান বিচ রিসোর্ট। শীর্ষস্থানীয় বুটিক হোটেলের পুরস্কার পেয়েছে দ্য ওয়ে ঢাকা।

ব্যবসায়িক হোটেল বিভাগে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা এবং ৪০টির বেশি কক্ষবিশিষ্ট সিটি হোটেল বিভাগে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ পুরস্কার অর্জন করেছে।

৪০টির কম কক্ষবিশিষ্ট সিটি হোটেল বিভাগে প্ল্যাটিনাম রেসিডেন্স বাই শেলটেক এবং ডিজাইনার হোটেল বা রিসোর্ট বিভাগে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স স্বীকৃতি পেয়েছে।

পরিবেশবান্ধব হোটেল বা রিসোর্ট বিভাগে এসকেএস ইন রিসোর্ট, খাদ্য ও পানীয় সেবায় দ্য পেনিনসুলা চিটাগং এবং পারিবারিক হোটেল বা রিসোর্ট বিভাগে মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট পুরস্কার অর্জন করেছে।

এ ছাড়া ফাইন ডাইনিং আউটলেট বিভাগে দ্য ওয়েস্টিন ঢাকা, ঐতিহ্যবাহী হোটেল বা রিসোর্ট বিভাগে সায়েমান হেরিটেজ এবং বিলাসবহুল হোটেল বা রিসোর্ট বিভাগে কক্সবাজারের বেওয়াচ হোটেল স্বীকৃতি পেয়েছে।

শীর্ষস্থানীয় রিসোর্ট বা হোটেল ব্র্যান্ডের পুরস্কার অর্জন করেছে সায়েমান। পাশাপাশি বিবাহ অনুষ্ঠান আয়োজনকারী হোটেল বা রিসোর্ট বিভাগেও পুরস্কার পেয়েছে মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট।

ট্রাভেল এজেন্সি বিভাগেও বাংলাদেশের অর্জন

হোটেল ও রিসোর্টের পাশাপাশি ট্রাভেল এজেন্সি বিভাগেও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান আঞ্চলিক স্বীকৃতি অর্জন করেছে।

শীর্ষস্থানীয় ইনবাউন্ড ট্রাভেল এজেন্টের পুরস্কার পেয়েছে বাংলাদেশ ট্যুর গ্রুপ (বিটিজি)। অন্যদিকে শীর্ষস্থানীয় আউটবাউন্ড ট্রাভেল এজেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে ট্রাভেল ক্ল্যাসিক (প্রাইভেট) লিমিটেড।

পর্যটনসংশ্লিষ্টদের মতে, এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের পর্যটনসেবা ও আতিথেয়তা খাতের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছে দেশের পর্যটন গন্তব্যগুলোর পরিচিতি বাড়াতে ভূমিকা রাখতে পারে।

দেশের পর্যটন শিল্পের জন্য গর্বের অর্জন: হাকিম আলী

উৎসবের সভাপতি ও সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এইচ এম হাকিম আলী বলেছেন, ২২টি পুরস্কার অর্জন বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তাঁর মতে, এ স্বীকৃতি দেশের হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি এবং পর্যটন খাতের পেশাজীবীদের নিষ্ঠা, পেশাদারত্ব ও সেবার মানের প্রতিফলন।

হাকিম আলী আরও বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পুরস্কার আয়োজন দেশের পর্যটন খাতের সক্ষমতা তুলে ধরা, পর্যটন গন্তব্যের প্রচার এবং নতুন উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি পর্যটন খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ এবং টেকসই পর্যটন উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রায় এক হাজার মনোনয়ন, বিচারক ও জনভোটে বিজয়ী নির্বাচন

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে যাত্রা শুরু করা সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের এবারের দশম আসরে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, নেপাল ও ভুটানের পর্যটন খাতের প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মূল্যায়ন করা হয়।

এবারের আয়োজনে প্রায় এক হাজার মনোনয়ন জমা পড়ে। চূড়ান্ত ফলাফলের ৬০ শতাংশ নির্ধারিত হয়েছে বিচারক প্যানেলের কারিগরি মূল্যায়নের মাধ্যমে এবং বাকি ৪০ শতাংশ এসেছে অনলাইনে সাধারণ মানুষের ভোট থেকে।

কলম্বো, বেঙ্গালুরু, নয়াদিল্লি, কাঠমান্ডু, পারো, ঢাকা ও মালদ্বীপে বিচারক প্যানেলের মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হয়।

এবারের আসরে নতুন দুটি ব্যক্তিগত পুরস্কার বিভাগ যুক্ত করা হয়েছে। এগুলো হলো আউটস্ট্যান্ডিং শেফ এবং ৪০ বছরের কম বয়সী পেশাজীবীদের জন্য আউটস্ট্যান্ডিং ইয়াং হোটেলিয়ার।

মালদ্বীপে অনুষ্ঠিত এবারের গালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিজিট মালদ্বীপ অফিশিয়াল ডেস্টিনেশন পার্টনার হিসেবে যুক্ত ছিল। এ ছাড়া দক্ষিণ এশিয়ার পর্যটন খাতের ১৫টির বেশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা আয়োজনে অংশীদার হিসেবে সম্পৃক্ত রয়েছে।

উৎসব জানিয়েছে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ সমন্বয়ের মাধ্যমে দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক পর্যটন উন্নয়নে নতুন সুযোগ তৈরির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সূত্র: ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ (উৎসব) এবং সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (সাতা) ২০২৬।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইউরোপের তুলনায় অর্ধেকেরও কম খরচে জে-১০সিই, কেনা

1

পায়জামার বেল্টের স্থানে ও আন্ডারওয়্যারে লুকানো ২ কেজি স্বর্ণ

2

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগেজে প্রায় ৬ লাখ

3

শাহজালালের থার্ড টার্মিনালে বসছে অত্যাধুনিক ইনডোর টেলিকম নেট

4

নীতিমালা উপেক্ষায় ঝুঁকিতে আকাশপথ

5

বিমান কার্গোতে অঘোষিত বিপজ্জনক পণ্যের ঝুঁকি, কঠোর নিয়ন্ত্রণ

6

শাহজালালে লাগেজ চুরি ঠেকাতে ৩২ ক্যামেরা ও ১৮ মনিটর, স্বস্তিত

7

তৃতীয় টার্মিনাল চুক্তিতে চার শর্তে সম্মতি, ১০০ কিলোমিটারে নত

8

বিশেষ ফ্লাইটে লিবিয়া থেকে ফিরছেন আরও ৩০০ বাংলাদেশি

9

বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর, কফিল বদলালেও নবায়ন হবে আকা

10

১০ মাসে উড়োজাহাজে পাখির আঘাত ২১২ বার, প্রতিরোধে বড় উদ্যোগ বে

11

শাহ আমানত বিমানবন্দর সম্প্রসারণে ২০৭০ সালের মাস্টারপ্ল্যান,

12

আধুনিক প্রযুক্তির যুগেও ‘বার্ড শুটার’ নির্ভর দেশের বিমানবন্দ

13

ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, দুই বিমানবন্দরে যেতে

14

শাহজালালে গ্রিন চ্যানেলে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক, মূল্য ১৬

15

অগ্নিকাণ্ডের আতঙ্ক, ১০৯ আরোহী নিয়ে দিল্লিগামী ফ্লাইটের জরুরি

16

জাল ভিসা ধরা পড়তেই উধাও ৬১ যাত্রী, মালয়েশিয়াগামী ফ্লাইট ঘিরে

17

মধ্যপ্রাচ্যে সেরা বিমানবন্দর কর্মীদের তালিকায় শীর্ষে বাহরাইন

18

শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও প্রয়োজন ৯০২ কোটি টাকা, যেসব

19

বিমানবন্দরের আকাশে ড্রোন কতটা বিপজ্জনক? বিশ্বজুড়ে ফ্লাইট বন্

20