এভিয়েশন বার্তা ডেস্ক
২০২৬ সালের বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। মর্যাদাপূর্ণ এ পুরস্কারে বিভিন্ন বিভাগে একাধিক স্বীকৃতি পেয়েছে মধ্যপ্রাচ্যের দুই শীর্ষ এয়ারলাইন এমিরেটস ও কাতার এয়ারওয়েজ। একই সঙ্গে বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর।
রোববার (১ নভেম্বর) প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৮৫ হাজারের বেশি পাঠকের ভোটের ভিত্তিতে আঞ্চলিক বিভাগগুলোর বিজয়ী নির্বাচন করা হয়েছে। অন্যদিকে, বৈশ্বিক বিভাগগুলোর বিজয়ী নির্ধারণ করেছেন ভ্রমণশিল্পের বিশেষজ্ঞদের একটি প্যানেল।
এবারের পুরস্কারে বিশ্বের সেরা এয়ারলাইনের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এ বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার এয়ারওয়েজ এবং তৃতীয় হয়েছে দুবাইভিত্তিক এমিরেটস। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ক্যাথে প্যাসিফিক ও তুর্কিশ এয়ারলাইনস।
শুধু সামগ্রিক সেরা এয়ারলাইন হিসেবেই নয়, আরও তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। বিশ্বের সেরা বিজনেস ক্লাস, সেরা কেবিন ক্রু এবং সেরা ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামের স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষ করে সিঙ্গাপুর এয়ারলাইনসের ক্রিসফ্লায়ার কর্মসূচি ব্রিটিশ এয়ারওয়েজের এক্সিকিউটিভ ক্লাব, ফ্লাইং ব্লু এবং মাইলস অ্যান্ড মোরের মতো জনপ্রিয় আনুগত্য কর্মসূচিকে পেছনে ফেলেছে।
এবারের বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডসে কেবিনসেবার তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে এমিরেটস। বিশ্বের সেরা ফার্স্ট ক্লাস, সেরা প্রিমিয়াম ইকোনমি এবং সেরা ইকোনমি ক্লাসের পুরস্কার জিতেছে দুবাইভিত্তিক এয়ারলাইনটি।
পাশাপাশি বিশ্বের সেরা এয়ারলাইন এবং সেরা কেবিন ক্রু বিভাগে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে এমিরেটস।
বিমানবন্দর লাউঞ্জ বিভাগে বিশ্বের সেরা নির্বাচিত হয়েছে কাতারের দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত কাতার এয়ারওয়েজের আল সাফওয়া ফার্স্ট লাউঞ্জ।
এ বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ক্যাথে প্যাসিফিকের দ্য পিয়ার ফার্স্ট ক্লাস লাউঞ্জ। তৃতীয় হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত এমিরেটসের ফার্স্ট ক্লাস লাউঞ্জ।
বিমানবন্দর বিভাগে আবারও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর। উন্নত যাত্রীসেবা, আধুনিক সুযোগ-সুবিধা এবং ভ্রমণবান্ধব পরিবেশের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত বিমানবন্দরটি এবারের বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে।
এ বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। তৃতীয় হয়েছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর।
এয়ারলাইন ও বিমানবন্দরের পাশাপাশি বিশ্বের সেরা হোটেল ব্র্যান্ড এবং ভ্রমণসেবা প্রতিষ্ঠানগুলোকেও স্বীকৃতি দেওয়া হয়েছে এবারের আয়োজনে।
সেরা বিলাসবহুল হোটেল ব্র্যান্ড নির্বাচিত হয়েছে ফোর সিজনস হোটেলস অ্যান্ড রিসোর্টস। সেরা লাইফস্টাইল হোটেল ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে এডিশন হোটেলস। অন্যদিকে, সেরা ব্যবসায়িক হোটেল ব্র্যান্ড নির্বাচিত হয়েছে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল এবং সেরা ভ্যালু হোটেল ব্র্যান্ড হয়েছে মক্সি হোটেলস।
এ ছাড়া বিশ্বের সেরা গাড়ি ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সিক্সট। সেরা লাগেজ ব্র্যান্ডের পুরস্কার পেয়েছে স্যামসোনাইট এবং সেরা ভ্রমণ অ্যাপের স্বীকৃতি পেয়েছে বুকিং ডটকম।
বিজনেস ট্রাভেলার অ্যাওয়ার্ডসের এবারের ফলাফলে আন্তর্জাতিক বিমান চলাচল ও ভ্রমণশিল্পে যাত্রীসেবার মান, আরামদায়ক ভ্রমণ, উন্নত কেবিন সুবিধা এবং বিমানবন্দরসেবার গুরুত্ব বিশেষভাবে উঠে এসেছে।
বিশেষ করে ব্যবসায়িক ভ্রমণকারীদের কাছে উন্নত বিজনেস ও ফার্স্ট ক্লাস সুবিধা, আধুনিক বিমানবন্দর লাউঞ্জ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা এবং সহজ ভ্রমণ বুকিংয়ের সুযোগ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এবারের পুরস্কারে এশিয়া ও মধ্যপ্রাচ্যের এয়ারলাইন এবং বিমানবন্দরগুলোর শক্তিশালী অবস্থান আন্তর্জাতিক বিমান চলাচল খাতে অঞ্চল দুটির প্রতিযোগিতামূলক সক্ষমতারও প্রতিফলন ঘটিয়েছে।
মন্তব্য করুন