এভিয়েশন বার্তা ডেস্ক
ইউরোপের দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি সুসংহত করা, পর্যটনের প্রসার এবং ক্রিয়েটিভ ইকোনমিতে অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে স্পেন ও যুক্তরাজ্যে পাঁচ দিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে।
রবিবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে আলোচনা হবে।
সফরের প্রথম পর্বে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ। ‘স্ট্রংগার পার্টনারশিপ, শেয়ার্ড প্রসপারিটি’ (সুদৃঢ় অংশীদারিত্ব, যৌথ সমৃদ্ধি) প্রতিপাদ্যে এ প্রদর্শনীর আয়োজন করেছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)। এই এক্সপোর মূল লক্ষ্য বাংলাদেশি রফতানিকারকদের সঙ্গে স্পেনের প্রস্তুতকারক, আমদানিকারক ও উদ্যোক্তাদের কার্যকর বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করা।
স্পেনের কর্মসূচি শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলবন্ধন জোরদার এবং ক্রিয়েটিভ ইকোনমির সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফর ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিকে গতিশীল করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ
মন্তব্য করুন