এভিয়েশন বার্তা ডেস্ক
তথ্য অধিকার আইন সম্পর্কে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়ানো এবং বিমানবন্দরের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কক্সবাজার বিমানবন্দরে ‘তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ’ আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গত ১৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বেবিচকের সদস্য (প্রশাসন) (অতিরিক্ত সচিব) এস. এম. লাবলুর রহমান।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন, তথ্য চাওয়া হলে নির্ধারিত প্রক্রিয়ায় তা সরবরাহ এবং এ-সংক্রান্ত দায়িত্ব পালনে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো।
বেবিচক চেয়ারম্যান বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্য দেওয়ার ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তির ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি একই সঙ্গে জনবান্ধব প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান, যাতে নাগরিকরা আইন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পাওয়ার ক্ষেত্রে যথাযথ সেবা পান।
বেবিচকের সদস্য (প্রশাসন) এস. এম. লাবলুর রহমান বলেন, তথ্য অধিকার আইন শুধু আইনি বাধ্যবাধকতার বিষয় নয়; সরকারি প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা তৈরিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আইনটির বিভিন্ন বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণে কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তথ্য অধিকার আইনের বিভিন্ন বিধান ছাড়াও তথ্য প্রাপ্তির আবেদন নিষ্পত্তির পদ্ধতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা, আপিল ব্যবস্থা এবং তথ্য ব্যবস্থাপনার সর্বোত্তম চর্চা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হয়।
বিমানবন্দরের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে যাত্রীসেবা, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে নাগরিকদের সঠিক তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে তথ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অধিকার আইন ও তথ্য প্রদানের নির্ধারিত প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষিত করা সেবার স্বচ্ছতা বাড়াতে সহায়ক হতে পারে।
বেবিচক জানিয়েছে, শুধু কক্সবাজার নয়, দেশের অন্যান্য বিমানবন্দরেও পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি বেবিচকের সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্য রয়েছে সংস্থাটির।
সূত্র: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)
মন্তব্য করুন