হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি আরও এগিয়েছে। টার্মিনালটি অপারেশনে নেওয়ার জন্য চলমান Operational Readiness and Airport Transfer (ORAT) কার্যক্রমের প্রায় ৫৭ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সরকার ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তরটি টেবিলে উপস্থাপন করা হয়।
মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর গুরুত্বপূর্ণ অংশ ORAT-এর প্রায় ৫৭ শতাংশ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কার্যক্রমও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ORAT কার্যক্রম মূলত নতুন টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে অপারেশনের উপযোগী করে তোলার প্রস্তুতির অংশ। এর মাধ্যমে টার্মিনাল চালুর আগে সংশ্লিষ্ট অপারেশনাল ব্যবস্থা ও বিমানবন্দর কার্যক্রম স্থানান্তরের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
সংসদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও অভিযোগ নিষ্পত্তির তথ্যও তুলে ধরেন মন্ত্রী।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বিমানবন্দরটির ব্যাগেজ ও গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে ১ হাজার ৪৮টি অভিযোগ পাওয়া যায়। বেবিচকের ওয়েবসাইট ও হটলাইনে পাওয়া এসব অভিযোগের মধ্যে ১ হাজার ৪০টি নিষ্পত্তি করা হয়েছে। সে হিসাবে অভিযোগ নিষ্পত্তির হার ৯৯ দশমিক ২৩ শতাংশ।
একই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-সংক্রান্ত মোট ২ হাজার ১৬০টি অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে ২ হাজার ৪০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এসব অভিযোগ নিষ্পত্তির হার প্রায় ৯৪ শতাংশ বলে জানান বিমান পরিবহনমন্ত্রী।
অন্যদিকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ৫৪টি বাণিজ্যিক স্থাপনার মধ্যে সাতটি ইউনিট ধারাবাহিকভাবে লোকসান করছে বলেও সংসদকে জানিয়েছেন মন্ত্রী।
লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলো হলো—মেহেরপুরের মুজিবনগর পর্যটন মোটেল, সিলেটের জাফলং পর্যটন মোটেল, মৌলভীবাজারের মাধবকুণ্ড রেস্তোরাঁ, যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি পর্যটন কেন্দ্র, নেত্রকোণার মোহনগঞ্জের আদর্শনগর পর্যটন কেন্দ্র, নারায়ণগঞ্জের বারদী পর্যটন কেন্দ্র এবং সিরাজগঞ্জের কাজীপুরের মেঘাই পর্যটন কেন্দ্র।
মন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোট আয় বা বিক্রয়ের লক্ষ্যমাত্রা ২১৬ কোটি ৫৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন