aviation
প্রকাশিত: 4 November 2026, 5:32:23 Am
অনলাইন সংস্করণ

বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে কোটা ছাড়াই ইতালিতে কাজের সুযোগ বাংলাদেশিদের

এভিয়েশন বার্তা ডেস্ক

বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে বৈধভাবে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশটির অভিবাসন আইনের ২৩ নম্বর ধারা বা ‘আর্টিকেল ২৩’-এর আওতায় সরকার অনুমোদিত প্রশিক্ষণ সম্পন্ন করে প্রচলিত অভিবাসন কোটার বাইরে ইতালিতে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরা। এ জন্য দেশ ছাড়ার আগেই বাংলাদেশে বিনামূল্যে ইতালীয় ভাষা, নাগরিক শিক্ষা ও পেশাগত দক্ষতার প্রশিক্ষণ নিতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত ‘ইতালিতে দক্ষ অভিবাসনের জন্য ভাষা, নাগরিক ও পেশাগত প্রশিক্ষণ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ইতালি দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে জানানো হয়, ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয় অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা ব্যক্তিরা দেশটির প্রচলিত অভিবাসন কোটা বা ‘ডেকরেতো ফ্লুসি’র বাইরে নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ‘ক্লিক ডে’র জন্য অপেক্ষা করতে হবে না। বছরের যেকোনো সময় অনুমোদিত কর্মসূচির আওতায় নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো ফি দিতে হবে না। কর্মসূচিতে প্রাথমিক ইতালীয় ভাষা শিক্ষা, ইতালির সামাজিক ও নাগরিক জীবন সম্পর্কে ধারণা এবং সংশ্লিষ্ট পেশার ব্যবহারিক দক্ষতা অর্জন বাধ্যতামূলক থাকবে।

তবে প্রশিক্ষণ সম্পন্ন করলেই ইতালিতে চাকরি কিংবা ভিসা নিশ্চিত হবে না। কর্মী নিয়োগের জন্য ইতালির নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কাজের অনুমতিপত্র বা ‘নুল্লা ওস্তা’ (Nulla Osta) সংগ্রহ করতে হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী কর্মীকে ভিসার আবেদন করতে হবে।

অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচির বিভিন্ন সুবিধা তুলে ধরে ফ্রন্টিয়ার স্কিলসের প্রতিনিধি আন্তোনিও মিলো জানান, এ ব্যবস্থায় কর্মীরা ইতালিতে যাওয়ার আগেই ভাষা ও কাজের পরিবেশ সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অর্জন করতে পারবেন। ইতালি সরকার শুরু থেকেই প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে। ফলে কর্মীদের দক্ষতা যাচাই এবং কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়।

তিনি আরও জানান, প্রশিক্ষণ শেষে কোনো কর্মী ইতালিতে যেতে না পারলেও অর্জিত দক্ষতা দেশের কর্মবাজারে কাজে লাগাতে পারবেন।

তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি

সেমিনারে জানানো হয়, প্রচলিত ‘ডেকরেতো ফ্লুসি’ ব্যবস্থার আওতায় ইতালি ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিভিন্ন দেশের জন্য নির্ধারিত কোটা অনুযায়ী এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। তবে আর্টিকেল ২৩-এর আওতায় অনুমোদিত প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মীদের জন্য প্রচলিত কোটার বাইরে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি বৈধভাবে ইতালিতে বসবাস করছেন। তাঁদের মধ্যে প্রায় ৮০ হাজারের ওয়ার্ক পারমিট রয়েছে।

ইতালি যাওয়ার নামে দালালের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

সেমিনারে ইতালিতে চাকরি ও ভিসার ব্যবস্থা করে দেওয়ার নামে প্রতারণা এবং অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে বাংলাদেশি কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ইতালির ভিসার সরকারি ফি ভিসার ধরনভেদে ৫০ থেকে ১১৬ ইউরো। এর সঙ্গে ভিএফএস গ্লোবালের ৩৮ ইউরো সার্ভিস চার্জ যুক্ত হয়।

অথচ কিছু অসাধু মধ্যস্থতাকারী ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কর্মীদের কাছ থেকে ১০ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত আদায় করছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে ভুয়া কাগজপত্র ও মিথ্যা চাকরির নিশ্চয়তা দেখিয়ে অর্থ নেওয়া হচ্ছে।

এ ধরনের প্রতারণা এড়াতে ইতালি দূতাবাস এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অননুমোদিত দালাল বা মধ্যস্থতাকারীদের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানান বক্তারা।

ইতালিতে পৌঁছানোর আট দিনের মধ্যে রেসিডেন্স পারমিটের আবেদন

বৈধ কর্মসংস্থানের উদ্দেশ্যে ইতালিতে প্রবেশের পর আট দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মীকে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। কর্মচুক্তির ধরন অনুযায়ী সর্বোচ্চ দুই বছরের জন্য এ অনুমতি দেওয়া হতে পারে, যা পরবর্তী সময়ে নবায়নের সুযোগ রয়েছে।

এ ছাড়া দেশটিতে টানা পাঁচ বছর বৈধভাবে বসবাসের পর প্রযোজ্য শর্ত পূরণসাপেক্ষে দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করা যাবে।

দক্ষ কর্মী তৈরিতে প্রশিক্ষণ সম্প্রসারণের উদ্যোগ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, বিদেশগামী কর্মীদের যাত্রার আগে প্রবাসী কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা পাবেন।

তিনি জানান, দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মতো সরকারি প্রতিষ্ঠানগুলোও সহযোগিতা করবে।

মাহদী আমিন বলেন, প্রশিক্ষণার্থীরা পাঁচ থেকে ছয় মাসের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এতে ইতালীয় ভাষা শেখার পাশাপাশি সংশ্লিষ্ট পেশার ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে। সরকার এ প্রশিক্ষণ পদ্ধতিকে একটি কার্যকর মডেল হিসেবে বিবেচনা করছে। ভবিষ্যতে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের পাঠ্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলি। সূচনা বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বিশেষ অতিথির বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা ইউরোপে নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতালি দূতাবাসের মাইগ্রেশন অ্যাডভাইজার জিউসেপ্পে ডি জিওভান্নি। তিনি আর্টিকেল ২৩-এর আওতায় কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং ইতালিতে প্রবেশের বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ ছাড়া ফরম্যাটের মাসিমিলিয়ানো ডি ফুসকো, ফ্রন্টিয়ার স্কিলসের আন্তোনিও মিলো, ইউপি রিক্রুটমেন্ট এজেন্সির ম্যানেজার এন্নিও মিলানো, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) হেড অব প্রোগ্রাম গুঞ্জন ডালাকোটি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা নিকোল টম-বন্ডে বক্তব্য দেন।

বর্তমানে ফ্রন্টিয়ার স্কিলসের ‘টিএএসটিই’ প্রকল্পের আওতায় একদল বাংলাদেশি প্রশিক্ষণার্থী ঢাকা রিজেন্সি হোটেলে রেস্টুরেন্ট ও হসপিটালিটি খাতে প্রশিক্ষণ নিচ্ছেন। অন্যদিকে ইতালির প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান ফরম্যাটের অধীনে আরেকটি দল টেক্সটাইল খাতে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিনামূল্যে দক্ষতা উন্নয়ন এবং প্রচলিত অভিবাসন কোটার বাইরে কর্মসংস্থানের এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানো গেলে ইতালিতে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে বৈধ অভিবাসন উৎসাহিত করা এবং দালালনির্ভরতা কমাতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ফ্লাইটের ৭ যাত্রীর ব্যাগে বিদেশি মদের চালান, শাহজালালে আট

1

আলজেরিয়ার আকাশসীমায় আমিরাতের উড়োজাহাজ নিষিদ্ধ

2

দাম্মাম-রিয়াদগামী বিমান বাংলাদেশের সব ফ্লাইট স্থগিত

3

বিমানবন্দর ও এয়ারলাইন্সে চাকরির নামে প্রতারণা থেকে সতর্ক থাক

4

ইউরোপের সঙ্গে বিমান চলাচলে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ, বহর

5

পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাস

6

বিমানের বহরে আসছে ২৫ নতুন বোয়িং, অর্ডারে ১৫ ড্রিমলাইনার ও ১০

7

শাহজালালে দুই যাত্রীর ব্যাগেজে মিলল ১৫ লিটার বিদেশি মদ

8

‘লাগেজের জন্য যাত্রী নয়, যাত্রীর জন্য অপেক্ষা করবে লাগেজ’: ই

9

বিমানের বহরে বড় পরিবর্তন: বোয়িংয়ের পাশাপাশি যুক্ত হচ্ছে ১০ এ

10

বিদেশি পাসপোর্টধারীদের জন্য অনলাইনে ইডি কার্ড ও অন-অ্যারাইভা

11

বাংলাদেশে ভ্রমণে সতর্কতা কমাল যুক্তরাষ্ট্র, উন্নত হলো ট্রাভে

12

শাহজালালে লাগেজ চুরি ঠেকাতে ৩২ ক্যামেরা ও ১৮ মনিটর, স্বস্তিত

13

এফএএর ছাড়পত্র পেল বোয়িং ৭৩৭-৭, বাণিজ্যিক উড়োজাহাজ পরিচালনার

14

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এভিয়েশন সক্ষমতার উজ্জ্বল প্রতি

15

মাউন্ট এটনার অগ্ন্যুৎপাত, কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

16

বিমানের প্রকৌশলীদের লাইসেন্স ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার করা

17

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরক

18

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের বিমান চলাচল, বেড়েছে ভাড়

19

ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

20