দেশের তরুণদের এভিয়েশন গ্রাউন্ড অপারেশন এবং এ খাতের বিভিন্ন ক্যারিয়ার সম্পর্কে ধারণা দিতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করতে যাচ্ছে এভিয়েশন ও ট্যুরিজম কমিউনিটি এনগেজমেন্ট প্ল্যাটফর্ম Aviation.com.bd।
‘Introduction to Aviation Ground Operation: Knowledge & Career Path’ শীর্ষক কর্মশালাটি আগামী ২৬ সেপ্টেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ আয়োজন।
আয়োজকরা জানান, বাংলাদেশে এভিয়েশন খাতে ক্যারিয়ার নিয়ে আলোচনায় সাধারণত পাইলট ও কেবিন ক্রু পেশাই বেশি গুরুত্ব পায়। তবে একটি উড়োজাহাজ অবতরণের পর পুনরায় উড্ডয়ন পর্যন্ত যাত্রীসেবা, ব্যাগেজ, কার্গো, এয়ারসাইড অপারেশন ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বিপুলসংখ্যক পেশাজীবী যুক্ত থাকেন। এসব পেশা ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে তরুণদের বাস্তব ধারণা দেওয়াই এ কর্মশালার মূল লক্ষ্য।
বাংলাদেশে বিমানবন্দর অবকাঠামো ও এভিয়েশন কার্যক্রম সম্প্রসারণের সঙ্গে সঙ্গে Ground Handling, Passenger Service, Baggage, Cargo এবং Airport Support Services-এ দক্ষ জনবলের চাহিদা বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। কর্মশালায় Ground Operation-এর মৌলিক ধারণা, এভিয়েশন শিল্পের সার্বিক চিত্র, গুরুত্বপূর্ণ কার্যক্রম, ক্যারিয়ার গড়ার সুযোগ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি অভিজ্ঞ এভিয়েশন পেশাজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
কর্মশালাটি পরিচালনা করবেন Aviation.com.bd-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং Air Arabia-এর সাবেক Airport Manager হারুনুর রশিদ। বিশেষ বক্তা হিসেবে থাকবেন Bangladesh Aviation Committee-এর উপদেষ্টা মিসবাহ আল আহমেদ মজুমদার। তিনি British Airways, Emirates, DHL, Qatar Airways, RAK Airways, Sri Lankan Airlines ও Maldivian-সহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস ও লজিস্টিকস প্রতিষ্ঠানে কাজ করেছেন।
কর্মশালায় অংশগ্রহণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। তবে ৩১ আগস্ট পর্যন্ত Early Registration-এর ক্ষেত্রে ফি ২ হাজার টাকা। কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীকে সনদ দেওয়া হবে।
মন্তব্য করুন