বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। উন্নয়ন পরিকল্পনার প্রথম দফার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে দ্বিতীয় দফার কার্যক্রম চলমান রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরটিকে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা হবে।
বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিদ্যমান বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চলতি বছর সরকার নতুন করে উদ্যোগ নেয়। গত মে মাসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বিমানবন্দর এলাকা সরেজমিন পরিদর্শন করে। ওই সময় বিমানবন্দর উন্নয়নের পাশাপাশি আধুনিক বিমানঘাঁটি ও পাইলট প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়।
সংশ্লিষ্টদের মতে, বগুড়া বিমানবন্দরকে কেন্দ্র করে নেওয়া পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের বিমান যোগাযোগে বড় পরিবর্তন আসবে। যাত্রী পরিবহনের পাশাপাশি ভবিষ্যতে কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরির বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষিপণ্য দ্রুত দেশের অন্যান্য অঞ্চল ও বিদেশে পরিবহনে বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রীও বগুড়া বিমানবন্দরকে কার্গো ফ্লাইট পরিচালনার উপযোগী করার উদ্যোগের কথা জানিয়েছেন।
পরিকল্পনাটি শুধু বেসামরিক বিমান চলাচলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বগুড়ায় উত্তরাঞ্চলের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর একটি আধুনিক বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনাও অনুমোদন পেয়েছে। পাশাপাশি তুরস্কের সহযোগিতায় বিমানবন্দরসংলগ্ন এলাকায় যৌথ উদ্যোগে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনার কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সরকারের লক্ষ্য বগুড়াকে ধীরে ধীরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এভিয়েশন কেন্দ্রে পরিণত করা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও জানিয়েছে, উত্তরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে বগুড়ায় বাণিজ্যিক বিমান চলাচল চালুর দাবি রয়েছে। বর্তমানে বিমানবন্দরটি বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি উত্তরাঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হয়ে উঠতে পারে। একই সঙ্গে বগুড়া ও আশপাশের জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্প, কৃষিপণ্য রপ্তানি এবং পর্যটন খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন