বোয়িংয়ের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সেলসো ফেরার। আগামী ৪ সেপ্টেম্বর থেকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জানিয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি।
নতুন দায়িত্বে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বোয়িংয়ের কার্যক্রম, কৌশল ও উপস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের সুযোগ নিয়ে কাজ করবেন ফেরার।
বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন বলেন, এভিয়েশন খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে ফেরারের। তার নেতৃত্ব ও অভিজ্ঞতা এ অঞ্চলে বোয়িংয়ের সামনে থাকা সুযোগ কাজে লাগানো এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বোয়িংয়ে যোগ দেওয়ার আগে ব্রাজিলের এয়ারলাইন গোল লিনহাস এরিয়াসে দীর্ঘদিন কাজ করেছেন ফেরার। প্রতিষ্ঠানটিতে ইন্টার্ন হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তী সময়ে শীর্ষ নেতৃত্বে উঠে আসেন তিনি। সর্বশেষ চার বছর এয়ারলাইনটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন।
সিইও হওয়ার আগে তিনি গোলের চিফ অপারেটিং অফিসার হিসেবে ফ্লাইট পরিচালনা, অপারেশনাল নিরাপত্তা, বিমানবন্দর, পরিকল্পনা, নেটওয়ার্ক, সাপ্লাই চেইন ও উড়োজাহাজ বহর ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। এর আগে পাঁচ বছর ভাইস প্রেসিডেন্ট অব প্ল্যানিং হিসেবে মূল্য নির্ধারণ ও এয়ারলাইন জোটসহ বিভিন্ন বিষয়ে কাজ করেন।
ফেরার একজন সনদপ্রাপ্ত এয়ারলাইন পাইলটও। গোলের বোয়িং ৭৩৭ বহরে ফ্লাইট ক্রু হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
নিয়োগের প্রতিক্রিয়ায় ফেরার বলেন, অঞ্চলটিতে বোয়িংয়ের সম্প্রসারণের সময়ে প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়া তার জন্য সম্মানের। নতুন দায়িত্বে সামনে থাকা সুযোগগুলো কাজে লাগাতে তিনি আগ্রহী।
সেলসো ফেরার ইউনিভার্সিটি অব সাও পাওলো থেকে অর্থনীতিতে এবং পিইউসি-এসপি থেকে আন্তর্জাতিক সম্পর্কে ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া ফ্রান্সের ইনসিয়াড থেকে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন তিনি।
মন্তব্য করুন