বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়রানিমুক্ত, নিরাপদ ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে।
শনিবার মানিকগঞ্জে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন খাতে সেবার মানোন্নয়ন, যাত্রীসুবিধা বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকারের নেওয়া উদ্যোগগুলো ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে।
রথযাত্রা উপলক্ষে উপস্থিত সনাতনী ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আফরোজা খানম বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁর কাজের সবচেয়ে বড় শক্তি। তিনি মানিকগঞ্জকে সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য আরও উন্নত, নিরাপদ ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন