অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ মহড়ায় উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক। এ সময় বেবিচকের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেবিচক সদরদপ্তরের মহড়ায় চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল। শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকার মহড়ায় চিফ কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন সদস্য (এটিএম) এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম।
মহড়ায় অগ্নিকাণ্ডের অনুশীলনমূলক পরিস্থিতি তৈরি করে জরুরি মুহূর্তে দ্রুত সাড়া দেওয়া, অগ্নিনির্বাপণ সরঞ্জামের যথাযথ ব্যবহার, নিরাপদে স্থান ত্যাগ এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের বিষয়গুলো অনুশীলন করা হয়। একই সঙ্গে বিদ্যমান অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট জনবলের প্রস্তুতিও যাচাই করা হয়।
মহড়া প্রত্যক্ষ করে বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দর ও এভিয়েশনসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আধুনিক অবকাঠামো ও সরঞ্জামের পাশাপাশি প্রশিক্ষিত জনবল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি ও দক্ষতা আরও বাড়াতে হবে। বাস্তবমুখী মহড়া বিদ্যমান অগ্নিনিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সম্ভাব্য ঘাটতি চিহ্নিত করতেও সহায়তা করে।
মহড়ায় পাওয়া পর্যবেক্ষণ পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বেবিচক।
কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ও প্রশিক্ষণমূলক মহড়া। জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্টদের প্রস্তুতি, দক্ষতা ও পারস্পরিক সমন্বয় যাচাইয়ের মাধ্যমে বেবিচকের সার্বিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করাই ছিল এর মূল উদ্দেশ্য।
মন্তব্য করুন