মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে তেলআবিব ও দুবাই রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে এয়ার কানাডা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা করবে না কানাডার এই বিমান সংস্থা।
এর আগে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তেলআবিব ও দুবাইয়ের ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল এয়ার কানাডা। তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেই সময়সীমা আরও কয়েক মাস বাড়ানো হয়েছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে এয়ারলাইনটি।
ইরানকে কেন্দ্র করে সামরিক সংঘাত শুরুর পর গত ২ মার্চ ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট পরিচালনা স্থগিত করে এয়ার কানাডা। সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং আকাশসীমার নিরাপত্তাঝুঁকির কারণে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনও মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে ফ্লাইট কমিয়েছে বা সাময়িকভাবে বন্ধ রেখেছে।
এয়ার কানাডা জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে তেলআবিব ও দুবাই রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি পর্যালোচনা করা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই ফ্লাইট চালু হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
তেলআবিব ও দুবাই মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগকেন্দ্র হওয়ায় এই সিদ্ধান্তে কানাডা থেকে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের বিকল্প রুট বা অন্য এয়ারলাইন ব্যবহার করতে হতে পারে।
এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে কানাডা সরকারও অঞ্চলটির বিভিন্ন দেশের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, জর্ডান ও ওমানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলসহ সংঘাতপ্রবণ ও সীমান্তবর্তী কয়েকটি এলাকার ক্ষেত্রেও সতর্কতা রয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশও মধ্যপ্রাচ্যে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করেছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অঞ্চলটির আন্তর্জাতিক বিমান চলাচলে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।
মন্তব্য করুন