aviation
প্রকাশিত: 1 August 2026, 4:25:14 Am
অনলাইন সংস্করণ

শাহজালালে সোনা চোরাচালান থামছেই না: পাঁচ বছরে জব্দ প্রায় ২ হাজার কেজি, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা

একের পর এক অভিযান, শত শত মামলা, কোটি কোটি টাকার স্বর্ণ জব্দ—তবুও থামছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালান। ফলের ক্যারেট, বিমানের টয়লেট, কার্গো কম্পার্টমেন্ট, এমনকি যাত্রীর শরীর—প্রায় প্রতিটি পথই ব্যবহার করছে সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ার সঙ্গে সঙ্গে পাচারকারীরাও বদলে ফেলছে তাদের কৌশল।

ঢাকা কাস্টমস ও বিমানবন্দর থানার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ হাজার কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারদরে যার আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। একই সময়ে বৈধভাবে আমদানি করা স্বর্ণ থেকে সরকার ২ হাজার ৩৮ কোটি টাকা শুল্ক-কর আদায় করেছে।

বিমানবন্দর থানার তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সোনা চোরাচালানের অভিযোগে ৫৪১টি মামলা হয়েছে। এর মধ্যে ২০২১ সালে ১১৪টি, ২০২২ সালে ১৩৫টি, ২০২৩ সালে ১১২টি, ২০২৪ সালে ৮৪টি এবং ২০২৫-২৬ সালে ৯২টি মামলা দায়ের করা হয়েছে।

বদলাচ্ছে পাচারের কৌশল

একসময় যাত্রীদের কাছ থেকে এক-দুই কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনা বেশি দেখা গেলেও এখন একেকটি চালানেই ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত স্বর্ণ মিলছে। সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, চোরাকারবারিরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, অধিকাংশ চালান আসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। এছাড়া সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমান থেকেও নিয়মিত স্বর্ণ আনার চেষ্টা করা হয়।

গোয়েন্দা সূত্র বলছে, পাচারের ক্ষেত্রে অন্তত অর্ধশতাধিক কৌশল ব্যবহার করা হয়। কখনো যাত্রী, কখনো বিমানসংশ্লিষ্ট কর্মীকে বাহক হিসেবে ব্যবহার করা হয়। অতীতে কেবিন ক্রু, প্রকৌশলী, ট্রলিম্যান ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এছাড়া ভ্যাকুয়াম ক্লিনার, বৈদ্যুতিক মোটর, ল্যাপটপের ব্যাটারি, ট্রলির হাতল, মানিব্যাগ, খাদ্যপণ্যের পাত্র, শরীরের বিভিন্ন অংশ, জুতা, কোমরের বেল্ট এমনকি হুইলচেয়ারের ভেতরেও স্বর্ণ লুকিয়ে আনার ঘটনা ধরা পড়েছে।

নতুন কৌশল: আন্তর্জাতিক থেকে অভ্যন্তরীণ টার্মিনাল

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি পাচারকারীরা দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুট ব্যবহার করছে। এই পদ্ধতিতে দুবাই থেকে আসা একজন বাহক আকাশপথেই স্বর্ণ অন্য এক সহযোগীর কাছে হস্তান্তর করেন, যিনি চট্টগ্রাম থেকে একই ফ্লাইটে ওঠেন। পরে তিনি অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, যেখানে নিয়মিত কাস্টমস তল্লাশি না থাকায় ঝুঁকি তুলনামূলক কম।

শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, আগে থেকে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য না থাকলে এই ধরনের কৌশলে স্বর্ণ বহনকারীকে শনাক্ত করা অত্যন্ত কঠিন।

তিন বড় চালান, তবুও অধরা মূল চক্র

চলতি বছরই শাহজালাল বিমানবন্দরে তিনটি বড় স্বর্ণের চালান জব্দ হয়েছে।

২৮ মার্চ দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেটের প্যানেলের ভেতর থেকে ১৭ কেজি ৯০১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। বাজারমূল্য প্রায় ৪৬ কোটি টাকা।

২ জুলাই একই ধরনের আরেক অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হোল্ড থেকে ১৮ কেজি ৭২০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

এরপর ১৯ জুলাই কার্গো ভিলেজে হংকং হয়ে আসা ফলের চালানের মধ্যে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। রামবুটান, চেরি ও অ্যাভোকাডোর ক্যারেটের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল স্বর্ণের বার।

তিনটি ঘটনাতেই ভিন্ন ভিন্ন কৌশল ব্যবহৃত হলেও এখন পর্যন্ত মূল চোরাচালান চক্রের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

'শুধু বাহক নয়, পুরো নেটওয়ার্ক ধরতে হবে'

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, বিমানবন্দরের অভ্যন্তরে কোনো না কোনো পর্যায়ে সংঘবদ্ধ সহযোগিতা ছাড়া এ ধরনের বড় চালান বারবার আসা সম্ভব নয়।

তিনি বলেন, "শুধু বাহককে আটক করে এই অপরাধ বন্ধ করা যাবে না। পুরো নেটওয়ার্ক শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। কার্গো, গ্রাউন্ড হ্যান্ডলিং, নিরাপত্তা, কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বিত নজরদারি, আধুনিক স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার, ঝুঁকিভিত্তিক তল্লাশি এবং কর্মকর্তাদের নিয়মিত রোটেশন নিশ্চিত করা জরুরি।"

কর্তৃপক্ষ কী বলছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, বিমানবন্দরকে চোরাকারবারিমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তাঁর ভাষায়, "আমাদের নজরদারির কারণেই স্বর্ণের চালানগুলো ধরা পড়ছে। সিন্ডিকেট দমনে নজরদারি আরও জোরদার করা হবে।"

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সাম্প্রতিক বড় স্বর্ণ উদ্ধারের ঘটনাগুলোর তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই পুরো চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোশরা ইসলাম বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় প্রতিষ্ঠান নেবে না। তদন্তে যদি বিমানের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মত

সংশ্লিষ্টদের মতে, বারবার বড় চালান জব্দ হওয়া একদিকে যেমন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রমাণ, অন্যদিকে এটি সংঘবদ্ধ চোরাচালান নেটওয়ার্কের ব্যাপ্তিও তুলে ধরে। মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও আন্তর্জাতিক সংযোগগুলো শনাক্ত করে বিচারের আওতায় আনা না গেলে বিমানবন্দরকে স্বর্ণ চোরাচালানের করিডর হিসেবে ব্যবহার বন্ধ করা কঠিন হবে। আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্যের সমন্বিত ব্যবহার এবং সংশ্লিষ্ট সব সংস্থার যৌথ অভিযানই এ চ্যালেঞ্জ মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর কাছ থেকে ১ কেজির বেশি স্

1

শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি সরাসরি দেখবেন যাত্রীরা,

2

ভারতে পাইলটদের বছরে একবার র‌্যান্ডম ডোপ টেস্ট চালুর উদ্যোগ

3

১০ মাসে উড়োজাহাজে পাখির আঘাত ২১২ বার, প্রতিরোধে বড় উদ্যোগ বে

4

হজের ব্যয় কমাতে সৌদি সরকারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

5

বিমানে ২৫ বৈমানিকের পদোন্নতি ও পদায়ন, থাকছে প্রশিক্ষণসহ নানা

6

বিশ্ব পর্যটনে বিনিয়োগ ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার, ২০৩৬ সালে অর্থন

7

যান্ত্রিক ত্রুটিতে কাঠমান্ডুতে বিমানের ফ্লাইট গ্রাউন্ডেড, আট

8

শাহজালালে বসবে Anti-Drone System, এভিয়েশন নিরাপত্তায় ‘Zero C

9

শাহজালালে স্ক্যানার অপারেটরদের রেডিয়েশন ঝুঁকি, নিরাপত্তা ব্য

10

দেশে বসেই টাকায় কেনা যাবে বিদেশ ভ্রমণের প্যাকেজ

11

ভারতকে বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ ক

12

ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, দুই বিমানবন্দরে যেতে

13

শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী মেন

14

শাহজালালে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার: তদন্তে নতুন তথ্য, নজরদারিতে

15

কক্সবাজার বিমানবন্দরে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ পালিত

16

পর্যটনকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করত

17

কর্মস্পৃহা বাড়াতে লাঞ্চ ভাতা চান বেবিচক কর্মকর্তারা

18

রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন

19

রিয়াদ বিমানবন্দর বন্ধে ২৮ ফ্লাইট ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে ৪ হ

20