এভিয়েশন বার্তা ডেস্ক
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে পরিচালিত সরাসরি ও ট্রানজিট ফ্লাইটে ব্যাপক প্রভাব পড়েছে। এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মোট ১২৬টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৫৯টি সরাসরি এবং ৬৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত সীমাবদ্ধতার কারণে এসব ফ্লাইটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির ২০টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
এ ছাড়া সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে চারটি এয়ারলাইনসের মোট ৫৯টি সরাসরি ফ্লাইটে প্রভাব পড়েছে।
ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভারতের ইন্ডিগো এয়ারলাইনসের ওপর। সংস্থাটির ২৪টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
সব মিলিয়ে সাতটি এয়ারলাইনসের ৬৭টি ট্রানজিট ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১২৬টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন পর্যন্ত ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী প্রভাবিত হয়েছেন। এর ফলে সৌদি আরবগামী এবং ট্রানজিটের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের ভ্রমণসূচিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার বিধিনিষেধের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: বেবিচক
মন্তব্য করুন