বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ (২৭ জুলাই) থেকে ৮৯০টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে। আবেদন করা যাবে আগামী ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত।
বেবিচক প্রকাশিত দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ম থেকে ১০ম গ্রেডের বিভিন্ন পদে ২৪৩ জন এবং ১১তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ৬৪৭ জন, অর্থাৎ মোট ৮৯০ জন নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে বেবিচক। পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি, পরীক্ষার পদ্ধতি ও অন্যান্য শর্তাবলি নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।
বেবিচক সূত্রে জানা গেছে, দেশের বেসামরিক বিমান চলাচল খাতের সম্প্রসারণ, নতুন অবকাঠামোর কার্যক্রম পরিচালনা এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের অংশ হিসেবে এই বৃহৎ নিয়োগ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, পদের বিবরণ এবং আবেদনপদ্ধতি বেবিচকের অফিসিয়াল ওয়েবসাইট ও নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন