এভিয়েশন বার্তা ডেস্ক
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন পদে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত ২৭ জন প্রার্থীর সাময়িক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। নিরাপত্তা অধীক্ষক, নিরাপত্তা অপারেটর, সশস্ত্র নিরাপত্তা প্রহরী, জুনিয়র নিরাপত্তা অপারেটর ও নিরাপত্তা প্রহরী পদে এসব প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বেবিচকের পরিচালক (মানব সম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত নিয়োগ কার্যক্রমে গ্রেড-১৬ থেকে গ্রেড-২০-এর বিভিন্ন পদে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের সাময়িক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের মধ্যে নিরাপত্তা অধীক্ষক (পুরুষ) পদে ২ জন, নিরাপত্তা অপারেটর পদে ৪ জন, সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে ১৭ জন, জুনিয়র নিরাপত্তা অপারেটর পদে ২ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ জন রয়েছেন।
বেবিচক জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রার্থীদের সন্তোষজনক পুলিশ প্রতিবেদন এবং দাখিল করা শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে বেবিচকের সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে উপস্থিত হয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার আওতায় রয়েছে রক্তের সিবিসি ও আরবিএস পরীক্ষা, ইউরিন আরএমই, বুকের এক্স-রে, উভয় চোখের দৃষ্টিশক্তি ও রং শনাক্তকরণ পরীক্ষা, উভয় কানের শ্রবণক্ষমতা পরীক্ষা এবং উচ্চতা, ওজন ও রক্তচাপ পরিমাপ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ রোববার সকাল ৯টায় স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমে অংশ নিতে হবে। এ জন্য নির্ধারিত চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনসহ উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বেবিচকের এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রমে প্রয়োজনীয় জনবল সংযোজনের সুযোগ তৈরি হবে। তবে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পরই সংশ্লিষ্ট প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ নিশ্চিত হবে।
নির্বাচিত প্রার্থীদের বিস্তারিত তালিকা ও স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা বেবিচকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
মন্তব্য করুন