যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) ব্যবস্থা আধুনিকায়নের বিশাল কর্মসূচিতে প্রধান সমন্বয়কারী প্রতিষ্ঠান Peraton-এর ভূমিকা কমিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। মার্কিন সংবাদমাধ্যম POLITICO-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এভিয়েশনভিত্তিক সংবাদমাধ্যম AVweb।
মাত্র আট মাস আগে, ২০২৫ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (DOT) ও FAA প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তিতে Peraton-কে এই কর্মসূচির ‘Prime Integrator’ হিসেবে নিয়োগ দেয়। পুরোনো ATC অবকাঠামো আধুনিকায়নের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি, প্রকল্প ও ঠিকাদারের কাজ সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে।
তবে প্রকল্পসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, দায়িত্ব নেওয়ার পর প্রত্যাশিত মাত্রায় কাজ করতে পারেনি Peraton। সাব-কন্ট্রাক্টরদের তদারকি, কাজের সময়সূচিতে বিলম্ব এবং আলাস্কার একটি স্থাপনায় কাজের অগ্রগতি নিয়েও উদ্বেগ রয়েছে।
অন্যদিকে, সমস্যার জন্য শুধু Peraton-কে দায়ী করা ঠিক হবে না বলেও দাবি সংশ্লিষ্ট সূত্রের। FAA বিভিন্ন প্রকল্পের ওপর উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ ধরে রাখায় প্রধান সমন্বয়কারী হিসেবে Peraton স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ রয়েছে। FAA কর্মকর্তাদের সঙ্গে সরাসরি ও নির্বিঘ্নে কাজ করার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি বাধার মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ATC আধুনিকায়ন কর্মসূচির লক্ষ্য ২০২৮ সালের শেষ নাগাদ দেশটির পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল অবকাঠামোর বড় অংশ আধুনিক ব্যবস্থায় রূপান্তর করা।
পরিকল্পনার আওতায় ২৭ হাজার ৬২৫টি নতুন রেডিও, ৫ হাজার ১৭০টি উচ্চগতির নেটওয়ার্ক সংযোগ, ৬১২টি আধুনিক রাডার এবং ৪৬২টি ডিজিটাল ভয়েস সুইচ স্থাপনের কথা রয়েছে। পাশাপাশি আলাস্কায় আরও ১১০টি আবহাওয়া স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
পুরোনো রাডার, সফটওয়্যার, হার্ডওয়্যার ও টেলিযোগাযোগ অবকাঠামো প্রতিস্থাপনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আকাশপথ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, নির্ভরযোগ্য ও সক্ষম করে তোলাই এই কর্মসূচির লক্ষ্য।
তবে Peraton-এর বিরুদ্ধে দুর্বল কর্মদক্ষতার অভিযোগে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সতর্কতা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে FAA। সংস্থাটির দাবি, আধুনিকায়ন কর্মসূচির কাজ এগিয়ে চলছে।
Peraton-ও তাদের বিরুদ্ধে ওঠা নেতিবাচক মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটির দাবি, কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।
FAA-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে Peraton-এর সঙ্গে কর্মসূচির পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মাইলফলক নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে হাজার হাজার টেলিযোগাযোগ সংযোগ আধুনিকায়নের পাশাপাশি রেডিও, রাডার, ভয়েস সুইচসহ বিভিন্ন প্রযুক্তি স্থাপনের কাজ শুরু হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ ও জটিল এয়ার ট্রাফিক কন্ট্রোল নেটওয়ার্ক আধুনিকায়নের এই কর্মসূচিতে FAA ও প্রধান সমন্বয়কারীর দায়িত্বের সীমা এবং পারস্পরিক সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব বিষয়ে জটিলতা দীর্ঘায়িত হলে ২০২৮ সালের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য অর্জনও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
মন্তব্য করুন