অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কান্টাস বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করে নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার এয়ারবাসের একটি এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজ অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ফ্রান্সের তুলুজ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ২৪ মিনিট উড়ে এই রেকর্ড গড়ে।
এই ফ্লাইটটি কান্টাসের ‘প্রজেক্ট সানরাইজ’ কর্মসূচির অংশ, যার মাধ্যমে ২০২৭ সাল থেকে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরাসরি অতিদীর্ঘ দূরত্বের ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এয়ারবাস জানিয়েছে, অতিরিক্ত জ্বালানি ট্যাংকযুক্ত বিশেষভাবে তৈরি এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজটি কোনো যাত্রাবিরতি ছাড়াই প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে ২৩ হাজার ৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে তুলুজে এয়ারবাসের কারখানায় অবতরণ করে।
এর মাধ্যমে ২০০৫ সালে বোয়িং ৭৭৭-২০০এলআর উড়োজাহাজে হংকং থেকে লন্ডন পর্যন্ত ২২ ঘণ্টা ৪২ মিনিট উড়ে গড়া দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের রেকর্ড ভেঙে যায়।
এর আগে গত সপ্তাহে একই উড়োজাহাজ ভারত মহাসাগর হয়ে তুলুজ থেকে মেলবোর্ন পর্যন্ত আরেকটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করে, যা সম্পন্ন হয় ১৯ ঘণ্টার কিছু বেশি সময়ে।
ফ্লাইট-ট্র্যাকিং সেবাদাতা প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, মঙ্গলবারের এই ফ্লাইটটি তাদের প্ল্যাটফর্মে ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক অনুসরণ করা ফ্লাইটে পরিণত হয়েছে। প্রায় ৩৬ লাখ মানুষ ফ্লাইটটি অনুসরণ করেন। সর্বাধিক অনুসরণ করা ফ্লাইটটি ছিল ২০২২ সালে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন বহনকারী বিমান।
কান্টাস ইতোমধ্যে ১২টি এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজের অর্ডার দিয়েছে। এসব উড়োজাহাজের মাধ্যমে ২০২৭ সালের অক্টোবর থেকে সিডনি-লন্ডন এবং পরবর্তীতে নিউইয়র্ক রুটে প্রায় ১৯ থেকে ২১ ঘণ্টার সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
নতুন উড়োজাহাজগুলোতে অতিরিক্ত ২০ হাজার লিটার জ্বালানি বহনের সক্ষমতা থাকবে এবং প্রতিটিতে ২৩৮ জন যাত্রী বহন করা যাবে। প্রথম উড়োজাহাজটি ২০২৭ সালের এপ্রিল মাসে কান্টাসের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
মন্তব্য করুন