ফ্রাঙ্কো-ইতালীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এটিআর (ATR) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ভিট্টোরিও লরেঞ্জো ডেলা বেলাকে নিয়োগ দিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। প্রতিষ্ঠানটির বর্তমান সিইও নাথালি তারনো লদের স্থলাভিষিক্ত হবেন তিনি।
বর্তমানে ডেলা বেলা লিওনার্দো হেলিকপ্টার্স ইউএস-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লিওনার্দো হেলিকপ্টার্সের কাস্টমার সাপোর্ট, সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওই দায়িত্বে প্রায় ২ হাজার ৫০০ কর্মীর কার্যক্রম তদারকির পাশাপাশি বিশ্বের ১ হাজার ৩০০ গ্রাহকের প্রায় ৪ হাজার ৫০০ হেলিকপ্টারের সেবা কার্যক্রম দেখভাল করেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে ডেলা বেলা প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ব্যবসা উন্নয়ন, গ্রাহকসেবা এবং আন্তর্জাতিক শিল্প সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি এনএইচইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একই সঙ্গে এটিআর অর্থ বিভাগেও নতুন নেতৃত্ব এনেছে। প্যাট্রিক বার্গেসকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনিও আগামী ১ নভেম্বর দায়িত্ব নেবেন।
বার্গেস এয়ারবাস থেকে এটিআরে যোগ দিচ্ছেন। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রে এয়ারবাস এবং স্টারল্যাব স্পেসের সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন। মহাকাশ ও এভিয়েশন খাতের অর্থ ব্যবস্থাপনায় তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে তার।
মন্তব্য করুন