এভিয়েশন বার্তা ডেস্ক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণ এবং একটি আইফোন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক স্বর্ণের মধ্যে রয়েছে স্বর্ণবার ও স্বর্ণালঙ্কার। শুল্ককরাদিসহ এসব পণ্যের আনুমানিক মোট মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।
সোমবার (১২ অক্টোবর) দুই বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কাস্টমস গোয়েন্দা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির বি-শিফটের কর্মকর্তারা নজরদারি জোরদার করেন।
এ সময় মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের BS-0316 ফ্লাইটে আসা যাত্রী ফাতেমা তুজ জোহরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগেজ সন্দেহজনক মনে হয়। পরে বিধি অনুযায়ী ব্যাগেজ পরীক্ষা করেন কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা।
তল্লাশিতে তাঁর ব্যাগেজ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার এবং একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
একই দিন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দার তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৭টায় দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান যাত্রী তানবীর হাসান রিফাত। শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টমস হলরুমে তল্লাশি চালিয়ে তাঁর জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। পাশাপাশি দেহ তল্লাশিতে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার উদ্ধার করা হয়।
একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে আরও ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার আটক করেন কর্মকর্তারা।
কাস্টমস গোয়েন্দা জানায়, সংশ্লিষ্ট এক যাত্রীর পাসপোর্টে ২০২৬ সালে এর আগে ব্যাগেজ সুবিধায় স্বর্ণ আনার তথ্যও লিপিবদ্ধ রয়েছে।
চট্টগ্রামের অভিযানে দুই যাত্রীর কাছ থেকে মোট ৪৩৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। শুল্ককরাদিসহ এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন যাত্রীর কাছ থেকে মোট ৯০২ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। এর মধ্যে ৭০২ গ্রাম স্বর্ণবার এবং ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দিয়ে স্বর্ণ ও উচ্চমূল্যের পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিভিত্তিক যাত্রী শনাক্তকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
রাজস্ব সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সূত্র: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), ঢাকা।
মন্তব্য করুন