এভিয়েশন বার্তা ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের বহরে থাকা বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস এ৩৮০ (Airbus A380) প্রথমবারের মতো থাইল্যান্ডের মাটিতে অবতরণ করেছে। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে এ৩৮০-এর নিয়মিত দৈনিক ফ্লাইট পরিচালনা শুরু করল এয়ারলাইন্সটি।
এই নতুন ফ্লাইট উদ্বোধনের মাধ্যমে ইতিহাদ তাদের বিশ্বখ্যাত আল্ট্রা-লাক্সারি ‘দ্য রেসিডেন্স’ (The Residence) কেবিন সেবা থাইল্যান্ড রুটে প্রথমবারের মতো উন্মোচন করেছে। বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে আকাশের বুকে একমাত্র থ্রি-রুম স্যুট হিসেবে পরিচিত এই বিলাসবহুল কেবিনে রয়েছে পৃথক লিভিং রুম, ডাবল বেডরুম ও ব্যক্তিগত এন-স্যুট শাওয়ার রুম।
আসন্ন শীতকালীন পর্যটন মৌসুমকে সামনে রেখে থাইল্যান্ড, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ইতিহাদ এই জনপ্রিয় রুটে সুপারজাম্পো এ৩৮০ মোতায়েন করেছে। এতে রুটটিতে আসন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রিমিয়াম সেবায় যুক্ত হলো নতুন মাত্রা। এ বছরের জুনে টোকিওতে এ৩৮০ ফ্লাইট চালুর পর এটি এশিয়ায় ইতিহাদের প্রিমিয়াম নেটওয়ার্ক সম্প্রসারণের আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক।
উড়োজাহাজটিতে ‘দ্য রেসিডেন্স’ ছাড়াও রয়েছে ৯টি অত্যন্ত গোপনীয় ও বিলাসবহুল 'ফার্স্ট অ্যাপার্টমেন্টস' (First Apartments), যেখানে রয়েছে রিক্লাইনিং চামড়ার সিটের সাথে পৃথক ফ্ল্যাট-বেড। এছাড়া ফার্স্ট ও বিজনেস ক্লাসের মাঝখানে যাত্রীদের আড্ডা ও জলযোগের জন্য রয়েছে বিশেষ লাউঞ্জ ও বার 'দ্য লবি'। বিজনেস ক্লাসে আরামদায়ক লাই-ফ্ল্যাট সিট এবং ইকোনমি ক্লাসে ৪১৫ জন যাত্রীর জন্য রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা, যার মধ্যে ব্যক্তিগত স্পেস বাড়ানোর জন্য 'নেইবার-ফ্রি' (Neighbour-Free) সিট বাছাইয়ের সুবিধাও অন্তর্ভুক্ত।
ইতিহাদ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফ্লাইটটি আবুধাবি থেকে ব্যাংকক (ফ্লাইট নম্বর EY402) এবং ব্যাংকক থেকে আবুধাবি (ফ্লাইট নম্বর EY403) হিসেবে প্রতিদিন নিয়মিত পরিচালিত হবে। এছাড়া ট্রানজিট যাত্রীদের জন্য ইতিহাদের বিশেষ 'আবুধাবি স্টপওভার' প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ দুই রাত পর্যন্ত বিনামূল্যে হোটেল স্টে সুবিধা উপভোগের সুযোগও রাখা হয়েছে।
সূত্র: এভিয়েশন জেটা
মন্তব্য করুন